চুরির টাকার ভাগ নিয়ে দ্বন্দ্বে বন্ধু খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

চাঁদপুরের হাজীগঞ্জে চুরির টাকা ভাগাভাগি নিয়ে মো. আসাদুজ্জামান (১৯) নামের এক তরুণ খুন হয়েছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিন যুবক এ তথ্য জানিয়েছেন। এই তিন যুবককে গত সোমবার রাতে কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

উপজেলার কালোচোঁ উত্তর ইউনিয়নের আমিরাজ বিলের পাশ থেকে গত রোববার আসাদুজ্জামানের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই নিহত তরুণের বাবা রফিকুল আলম অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা করেন।

গ্রেপ্তার যুবকেরা হলেন দাউদকান্দি উপজেলার পেন্নাই ফকিরবাড়ির সাদ্দাম হোসেন (২৯), তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মো. মুসা (৩০) এবং একই উপজেলার জিয়ারকান্দি বড় বাড়ির আলাউদ্দিন (৩০)। নিহত আসাদুজ্জামান হাজীগঞ্জের কালোচোঁ উত্তর ইউনিয়নের খিলপাড়া বকাউল বাড়ির রফিকুল ইসলামের একমাত্র ছেলে।

হাজীগঞ্জ থানা-পুলিশ সূত্র জানায়, ওই তিন যুবকের সঙ্গে আসাদুজ্জামানের পরিচয় ঘটে রাজধানীর সদরঘাট এলাকায়। তিনি সেখানে একটি কোচিং সেন্টারে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। এই চারজন মাদকসেবনসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। আসাদুজ্জামান ১৫ ডিসেম্বর বাড়িতে আসেন। ২৩ ডিসেম্বর তাঁর বাড়িতে আসেন বাকি তিন বন্ধু। ওই রাতে চারজন মিলে এক দোকানে চুরি করেন। এই চুরির টাকার ভাগাভাগি নিয়েই সাদ্দাম, মুসা ও আলাউদ্দিন মিলে আসাদুজ্জামানকে হত্যা করেন।