চুরির মামলায় ৫ জনের কারাদণ্ড
শেরপুর শহরে এক ব্যবসায়ীর বাসায় চুরির দায়ে পাঁচজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুমিনুন্নিছা খানম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসমিরা হলেন মো. আকরাম হোসেন (২৮), মো. শাহীন (২৮), মো. হাঞ্জালা (৩০), সাদরুল আমীন নিয়াজ (৪২) ও শাহীন (৩০)। এঁদের বাড়ি শেরপুর জেলা শহরের নৌহাটা এলাকায়। এঁদের মধ্যে সাদরুল জেলা কারাগারে আটক আছেন। অন্যরা পলাতক।
মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আসামি ছাদেক আলীকে (৩৮) খালাস দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২৬ মে দিবাগত রাত তিনটার দিকে দণ্ডপ্রাপ্ত আসামিরা শেরপুর শহরের নৌহাটা এলাকার কুড়া ব্যবসায়ী মো. জিয়াউর রহমানের বাসার দরজা ভেঙে ঘরে ঢোকেন। এ সময় তাঁরা জিয়াউরের ঘর থেকে সাড়ে সাত ভরি ওজনের স্বর্ণালংকার, দুটি মুঠোফোন ও নগদ দুই লাখ টাকা চুরি করেন। এ সময় জিয়াউরের মা জয়নব বেগমের ঘুম ভেঙে যায়। তিনি চোরের দলের একজনকে চিনতে পারেন। তাঁর ডাক-চিৎকারে আসামিরা দ্রুত মালামাল নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় ব্যবসায়ী জিয়াউর রহমান ২০০৯ সালের ২৯ মে শেরপুর সদর থানায় একটি মামলা করেন। সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আজাদ হোসেন মামলার তদন্ত শেষে ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য–প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।
মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, তিনি ন্যায়বিচার পেয়েছেন।