চুরির সাড়ে ১৫ ঘণ্টা পর শিশু উদ্ধার, নারী গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ থেকে চুরি করে নেওয়ার সাড়ে ১৫ ঘণ্টার মাথায় দুই মাসের শিশু আরিফ আহমেদকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে গাবতলীর বসুপাড়া থেকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিশু চুরিতে জড়িত অভিযোগে ইয়াসমিন আক্তার (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
চুরি হওয়া শিশুটি উদ্ধার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পূর্ব বিভাগের (ডিবি) জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাজমুল আহসান। তিনি রাতে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ইয়াসমিন আক্তার পাঁচ বছর আগে গোলাপবাগের বাসিন্দা আরিফ আহমেদের বাসায় ভাড়া থাকতেন। তিন দিন আগে তিনি ওই বাসায় বেড়াতে আসেন। মঙ্গলবার রাতে তিনি আরিফের স্ত্রী ও তাদের দুই মাসের ছেলের সঙ্গে ঘুমান। আরিফ ঘুমান পাশের কক্ষে। আরিফের স্ত্রী ভোর পাঁচটার দিকে ঘুম থেকে জেগে উঠে দেখেন তার দুই মাসের ছেলে ও ইয়াসমিন নেই। ঘটনাটি ডিবি পুলিশকে জানানো হয়। ইয়াসমিন আরিফদের বাসায় থাকার সময় ওই বাড়ির গৃহকর্মী সুমীর মোবাইলে ব্যবহার করে তার স্বামীর সঙ্গে কথা বলেছিলেন। পরে পুলিশ মোবাইলের কল তালিকার সূত্র ধরে ইয়াসমিনের স্বামীর অবস্থান গাবতলীর বসুপাড়ায় জানতে পারেন। সেখানে অভিযান চালিয়ে বুধবার রাত সাড়ে ১০টায় শিশু আলিফকে উদ্ধার এবং ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়।
নাজমুল আহসান বলেন, শিশু আলিফকে বাসায় নিয়ে ইয়াসমিন তার স্বামীকে বলেছেন শিশুটি রাস্তায় পেয়েছেন। ঘটনার সঙ্গে ইয়াসমিনের স্বামী জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়নি। শিশু চুরির অভিযোগে ইয়াসমিনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।