চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়ায় উদ্বিগ্ন তাড়াশবাসী
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গত দুই মাসে প্রায় ৪০টি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলা মাসিক সমন্বয় কমিটিতে চুরি বন্ধ করতে পুলিশের নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় চেয়ারম্যানদের সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।
উপজেলা পরিষদে গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় চুরির সংখ্যা বেড়েই চলেছে। গবাদিপশু, টাকা ও স্বর্ণালংকার চুরির পাশাপাশি এলাকায় অটোরিকশা ছিনতাইও বাড়ছে। এর মধ্যে রাধাকান্তপুর গ্রামের জহুরুল ইসলামকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে দুর্বৃত্তরা। চুরি, ছিনতাই ও হত্যার ঘটনায় তাড়াশ উপজেলার জনগণ উদ্বিগ্ন হয়ে পড়েছে।
সমন্বয় সভায় সদস্যরা অভিযোগ করে বলেন, নভেম্বর মাসজুড়ে চলা তাড়াশ হস্ত, বস্ত্র ও কুটির শিল্প মেলায় মাসব্যাপী লটারি ও হাউজির কারণে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী বলেন, তাঁরা থানার পুলিশের কাছে অভিযোগ দিলেও অভিযোগ গ্রহণ করা হয় না। কারা চুরি করেছে, তাদের নাম উল্লেখ করে আবেদন দিতে বলা হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম বলেন, চুরি-ছিনতাইয়ের ঘটনায় অধিকাংশ লোক অভিযোগ করেন না। দু-একটি ঘটনায় মামলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে পুলিশ সচেষ্ট আছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হক বলেন, পুলিশের দায়সারা কর্মকাণ্ডের কারণে আইনশৃঙ্খলার এমন অবনতি হচ্ছে। পুলিশের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, মাসিক সমন্বয় সভায় চুরিসহ আইনশৃঙ্খলার অবনতির ঘটনা নিয়ে আলোচনা হওয়া পর পুলিশকে নজরদারি বৃদ্ধির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিজ নিজ এলাকায় চুরির ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।