চুল কেটে, জুতার মালা পরিয়ে ঘোরানো হলো কিশোরকে
গোপালগঞ্জে মোবাইল চুরির অভিযোগে এক কিশোরকে মারধর করে, মাথার চুল কেটে ও জুতার মালা পরিয়ে বাজারে ঘোরানো হয়েছে। আজ বুধবার সকাল নয়টার দিকে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বটতলা বাজারে এ ঘটনা ঘটে।
এ কর্মকাণ্ডে ওই ইউনিয়নের বাসিন্দা কবির শেখ (৩৬) নেতৃত্ব দেন বলে অভিযোগ। তবে তিনি পুলিশের কাছে এই অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ এ ঘটনায় ওই কিশোর ও কবির শেখকে থানায় নিয়ে গেছে। দুজনের বাড়ি পাশাপাশি।
স্থানীয় সেনদিয়া ঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জালালউদ্দীন বলেন, ওই কিশোর যদি চুরি করে থাকে, তাহলে সে অপরাধ করেছে। আর আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধ করেছেন কবির শেখ। এ জন্য দুজনকেই থানায় নেওয়া হয়েছে। অভিযোগের গতিপ্রকৃতি দেখে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, তাঁর জানামতে, ওই কিশোরের মা মুকসুদপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আবুল বাশার, নান্নু শেখ ও মোহাম্মদ মিয়া নামের তিনজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই কিশোর তার বাবা-মায়ের সঙ্গে বাজারে চায়ের দোকান চালায়। সেখানে কবির শেখ চা পান করতেন। কিন্তু গতকাল মঙ্গলবার বিকেলে চায়ের টাকা না দেওয়ায় কবিরের সঙ্গে ওই কিশোরের কথা-কাটাকাটি হয়। আজ ফজরের নামাজের পর ওই কিশোর যখন দোকানে আসছিল তখন তাকে কবির শেখ ও আরও কয়েকজন ধরে দোকানের সামনে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। তাঁদের অভিযোগ, এই কিশোর কবির শেখের বড় ভাই হবি শেখের একটি মোবাইল সেট চুরি করেছে। এরপর এই কিশোরের মাথার চুল এবড়োখেবড়োভাবে কেটে দেওয়া হয়। পরে গলায় জুতার মালা ঝুলিয়ে তাকে বাজারে ঘোরানো হয়।
ওই এলাকার বাসিন্দা মো. কুদ্দুস জানান, চায়ের টাকা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটিয়েছেন কবির শেখ। তিনি বলেন, ওই কিশোর চুরি করলেও তার জন্য থানা-পুলিশ আছে, কিন্তু কেন তার মাথার বিভিন্ন জায়গা থেকে চুল কেটে, পিটুনি দিয়ে, জুতার মালা পরিয়ে ঘোরানো হবে?