চুল কেটে, জুতার মালা পরিয়ে ঘোরানো হলো কিশোরকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে মুঠোফোন চুরির অভিযোগে এক কিশোরকে (১৬) মারধর করে, মাথার চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে বাজারে ঘোরানো হয়েছে। গতকাল বুধবার সকাল নয়টার দিকে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বটতলা বাজারে এ ঘটনা ঘটে।
এ কর্মকাণ্ডে ওই ইউনিয়নের বাসিন্দা কবির শেখ (৩৬) নেতৃত্ব দেন বলে অভিযোগ। তবে তিনি পুলিশের কাছে অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় সেনদিয়া ঘাট পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জালালউদ্দীন বলেন, ওই কিশোর যদি চুরি করে থাকে, তাহলে সে অপরাধ করেছে। আর আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধ করেছেন কবির শেখ। এ জন্য দুজনকেই থানায় নেওয়া হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আবুল বাশার, নান্নু শেখ ও মোহাম্মদ মিয়া নামের তিনজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই কিশোর তার মা-বাবার সঙ্গে বাজারে চায়ের দোকান চালায়। সেখানে কবির শেখ চা পান করতেন। কিন্তু গত মঙ্গলবার বিকেলে চায়ের টাকা না দেওয়ায় কবিরের সঙ্গে ওই কিশোরের কথা-কাটাকাটি হয়। গতকাল ফজরের নামাজের পর ওই কিশোর যখন দোকানে আসছিল তখন তাকে কবির শেখসহ আরও কয়েক ব্যক্তি তাকে ধরে দোকানের সামনে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। তাঁদের অভিযোগ, এই কিশোর কবির শেখের বড় ভাই হবি শেখের একটি মুঠোফোন চুরি করেছে। এরপর তার মাথার চুল এবড়োখেবড়োভাবে কেটে দেওয়া হয় এবং গলায় জুতার মালা ঝুলিয়ে তাকে বাজারে ঘোরানো হয়।
ওই এলাকার বাসিন্দা মো. কুদ্দুস জানান, চায়ের টাকা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটিয়েছেন কবির শেখ।