চুল কেটে স্ত্রীকে সিগারেটের ছেঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শামছুন্নাহার (২৮) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী মারধর, চুল কেটে ও শরীরে সিগারেটের ছেঁকা দিয়ে নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি গত ২১ জানুয়ারির। এ ঘটনায় শামছুন্নাহার গতকাল রোববার নান্দাইল থানায় এজাহার দিয়েছেন। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় মামলার প্রস্তুতি চলছিল।
শামছুন্নাহার বলেন, তাঁর বাবার বাড়ি নান্দাইলের মুশলি ইউনিয়নের মোড়াগালা গ্রামে। প্রায় ১০ বছর আগে সিংরইল ইউনিয়নের কোনাডাঙর গ্রামের কামাল হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে। তিনি অভিযোগ করেন, বিদেশ যাওয়ার জন্য সম্প্রতি কামাল তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করেন। এতে অপারগতা প্রকাশ করলে কামাল তাঁকে নানা ধরনের হুমকি দিতে শুরু করেন। ২১ জানুয়ারি সকালে কামাল আবারও টাকা দাবি করেন। তিনি (শামছুন্নাহার) আবারও অপারগতা প্রকাশ করলে কামাল তাঁকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। প্রতিবাদ করলে কামাল তাঁকে হাত-পা বেঁধে চুল কেটে ফেলেন। এরপর পিঠে সিগারেটের ছেঁকা দেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে চেতনা ফিরলে তিনি নিজেকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের শয্যায় দেখতে পান। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, অনিক নামের এক ব্যক্তি তাঁকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। অনিক তাঁর স্বামীর বন্ধু বলে তিনি শুনেছেন। তবে তিনি তাঁকে চেনেন না।
গতকাল বিকেলে মুঠোফোনে যোগাযোগ করলে অনিক বলেন, তিনি কিশোরগঞ্জের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চাকরি করেন। মাঝেমধ্যে এখানে রোগী নিয়ে আসার সূত্র ধরে কামালের সঙ্গে তাঁর পরিচয় হয়। ২১ জানুয়ারি কামাল তাঁকে মুঠোফোনে বলেন, তাঁর স্ত্রী গুরুতর অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে। এরপর তিনি ভর্তির ব্যবস্থা করান। তখন বাড়ির ঠিকানার প্রয়োজন পড়লে কামাল তাঁকে ঠিকানা নান্দাইলের তারঘাট বলে জানান। তিনি জরুরি বিভাগে ওই ঠিকানাই বলেছেন। ওই দিন বিকেলেই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাঁকে (শামছুন্নাহার) হাসপাতাল থেকে নিয়ে যান কামালের লোকেরা।
গতকাল শামছুন্নাহার হাসপাতালে ভর্তি হওয়ার প্রত্যয়নপত্র জোগাড় করেছেন। প্রত্যয়নটি তিনি থানায় জমা দিয়েছেন।
কামাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর নির্যাতনে নয়, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে তাঁর স্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চুল কাটার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, শামছুন্নাহার হয়তো খারাপ কিছু করেছে। তাই গ্রামের লোকজন তাঁর চুল কেটে দিয়েছে। এ কথা বলে তিনি সংযোগ কেটে দেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।