চুল বড় করায় শাস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দের বিরুদ্ধে চুল বড় রাখায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে। শিশুটির পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালে ওই শিশুটিকে চড় মেরেছেন তিনি। এতে শিশুটি ভয় পেয়েছে। পরে তাকে চিকিৎসকের কাছে নিতে হয়েছে।

শিশুটির বাবা নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেনের ভাষ্য, তাঁর ছেলে শারীরিকভাবে দুর্বল। হঠাৎ করে প্রধান শিক্ষক তাকে চড়-থাপ্পড় মারায় সে ভীষণ ভয় পেয়েছে। এতে তার শরীরে জ্বর চলে আসে। প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এত বড় অন্যায় করতে পারেন না প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ বলেন, ‘বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার্থে আমি ওই শিক্ষার্থীর বড় চুল দেখে উত্তেজিত হয়ে পড়েছিলাম। এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। আমার ভুল হয়েছে।’

নাটোরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ রহমান বলেন, তিনি শিশুটির নানার কাছ থেকে মুঠোফোনে অভিযোগ পেয়েছেন। রোববার সকালে প্রধান শিক্ষকের উপস্থিতিতে এ ব্যাপারে শুনানি হবে।