চুলের নকল কালি তৈরির অভিযোগে কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুলের নকল কালি তৈরির অভিযোগে গতকাল বৃহস্পতিবার নাটোর সদর উপজেলার দত্তপাড়া বিসিক এলাকার একটি কারখানা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে ইউএনও নায়িরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুপুরে দত্তপাড়ার বিসিক শিল্প নগরের রিফাত কেমিক্যাল কোম্পািনর কারখানায় অভিযান চালান। এ সময় ওই কারখানা থেকে চুল কালি করার নকল কিছু রাসায়নিক সরঞ্জাম, ৪৫ বস্তা খালি বোতল, ২৪ কার্টন কালি ও নয়টি ড্রামভর্তি কেমিক্যাল জব্দ করা হয়। মালিক আবদুর রাজ্জাক এসব মালামালের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ কারণে ভ্রাম্যমাণ আদালত তাঁকে জরিমানা করেন এবং ওই কারখানা সিলগালা করে দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক নায়িরুজ্জামান বলেন, ওই কারখানায় অবৈধভাবে চুল কালো করার ভারতীয় ব্র্যান্ডের ‘দুলহান’ কালি প্রস্তুত করা হচ্ছিল।
আদালত এ ঘটনার পরপরই বিসিক এলাকার অন্য একটি কারখানায় অভিযান চালান। সেখানে ভারত-বাংলাদেশ যৌথ মালিকানাধীন পেট্রো কসমেটিক লিমিটেডের মোড়কে একই নামের কালি প্রস্তুত করা হচ্ছিল। তাঁরা তাঁদের উৎপাদিত মালামাল বৈধ বলে দাবি করেন। তবে এর সমর্থনে তাৎক্ষণিক কোনো কাগজপত্র দেখাতে পারেননি। কাগজপত্র দেখানোর জন্য আদালত তাঁদের সময় দিয়েছেন।