চুয়াডাঙ্গা ও বাগেরহাটে গৃহবধূ, গোপালগঞ্জে ছাত্রের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বারাদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামে গত মঙ্গলবার নাজনীন নাহার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বাগেরহাটের রামপালে হাসিনা বেগম (৩২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এর আগে গত মঙ্গলবার গোপালগঞ্জে রিয়াজ মোল্লা (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
চুয়াডাঙ্গা: নাজনীনের ভাই আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়নের আইন্দিপুর গ্রামের জিয়ারুল জানান, তাঁর ভগ্নিপতি বোনের অনুমতি ছাড়া এক সপ্তাহ আগে দ্বিতীয় বিয়ে করেন। এই বিয়ের পর থেকে তিনি নাজনীনের ওপর অমানুষিক নির্যাতন চলাতেন। বোনের অবস্থা দেখে তাঁদের মা মঙ্গলবার নাজনীনকে আনতে নতিডাঙ্গায় যান। ওই সময় ভগ্নিপতি সেলিম এবং তাঁর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। এরপর মঙ্গলবার মধ্যরাতে ঘরের আড়ায় ঝুলন্ত নাজনীনের লাশ উদ্ধার করে প্রতিবেশীরা। খবর পেয়ে গতকাল সকালে আলমডাঙ্গা থানা-পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নাজনীনের স্বামীসহ অন্যরা পলাতক।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা জানান, নাজনীনের মৃত্যুর কারণ হত্যা, না আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
বাগেরহাট: গতকাল দুপুরে রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের গোনাবেলাই গ্রামের নিজ চিংড়িঘের থেকে হাসিনার লাশ উদ্ধার করে পুলিশ। তবে হত্যাকাণ্ডে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
রামপাল থানার উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস মণ্ডল বলেন, পাঁচ বছর আগে খুলনার হাবি সরদারের সঙ্গে হাসিনার বিয়ে হয়। বিয়ের পর হাসিনা তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে তাঁর বাবার সাত থেকে আট বিঘা জমিতে চিংড়ি চাষ শুরু করেন। সেখানেই তাঁরা থাকতেন। গত মঙ্গলবার হাবি সরদার খুলনায় তাঁর বাড়িতে বেড়াতে যান। গতকাল সকালে পাশ্ববর্তী ঘেরের লোকজন হাসিনার লাশ ঘেরের বাঁধের ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তাঁর গলায় রশির দাগসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
লোহাগড়া (নড়াইল): মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে গোপালগঞ্জ মহিলা কলেজের পেছনে এমদাদ নাজিরের মাছের ঘেরের পাড়ে রিয়াজ মোল্লার লাশ পাওয়া যায়। সে গোপালগঞ্জ শহরতলীর চরমানিকদাহ গ্রামের ঝন্টু মোল্লার ছেলে ও গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল। গোপালগঞ্জ সদর থানার এসআই শাহ আলম জানান, স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।