চুয়াডাঙ্গা থেকে অপহৃত স্কুলছাত্র নাটোরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রাম থেকে অপহৃত স্কুলছাত্র আবদুল্লাহকে (৬) নাটোরের লালপুর থানার রামকৃষ্ণপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের ৫০ ঘণ্টা পর গত রোববার দিবাগত রাতে দামুড়হুদা থানার পুলিশ তাকে উদ্ধার করে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার বাউশা টাউরীপাড়া গ্রামের মকবুল হোসেন (৪৭) ও তাঁর বড় ছেলে জয় (১৬)।
আবদুল্লাহর বাবা আবদুল খালেক বলেন, মকবুল তাঁর দুই ছেলে জয় ও জনিকে (১২) নিয়ে এক বছর আগে কোষাঘাটা গ্রামে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গত শুক্রবার দুপুরে মাথাভাঙ্গা নদীতে মাছ শিকারের কথা বলে আবদুল্লাহকে ডেকে নিয়ে অপহরণ করা হয়। ঘটনার দিন রাত সাড়ে নয়টার দিকে মকবুল মুঠোফোনে জানান, আবদুল্লাহকে অপহরণ করা হয়েছে। ছেলেকে জীবিত মুক্তি পেতে হলে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।
দামুড়হুদা থানার ওসি মো. কামরুজ্জামান জানান, লালপুর থানার সহযোগিতায় দামুড়হুদা পুলিশ রোববার দুপুরে রাজশাহীর বাঘা থানার ব্যাঙ্গার বাজার থেকে মকবুলকে আটক ও তাঁর ছোট ছেলে জনিকে হেফাজতে নেয়। এরপর তাঁদের সঙ্গে নিয়ে নাটোরের রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালায়। সেখানে স্থানীয় একটি বাড়ি থেকে আবদুল্লাহকে উদ্ধার ও জয়কে আটক করা হয়।