চুয়াডাঙ্গা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্তে ভুলটিয়া গ্রামের মাঠ থেকে রবিউল ইসলাম ওরফে রবি (৪৫) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পেছনে হাত বাঁধা লাশটি চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া গ্রামের একটি সেতুর পাশে পড়ে ছিল।
চুয়াডাঙ্গা সিন্দুরিয়া পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা কাজী বায়োজিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে। শুরুতে
নিহত ব্যক্তির পরিচয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল পুলিশ। বেলা ১১টায় নিহত ব্যক্তির স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি রবির বলে শনাক্ত করেন।
রবির ছেলে রানা হোসেনের ভাষ্য, গত মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা বাজার থেকে সাদা পোশাকের অস্ত্রধারীরা তার বাবা রবিউল ইসলামকে তুলে নিয়ে যায়। ওই দিন তিনি তাঁর বাবার সঙ্গে একটি সংঘর্ষের মামলায় ঝিনাইদহের আদালতে হাজিরা দিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। এ ঘটনার পর থেকে তাঁর বাবা নিখোঁজ ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এ ধারণায় গত চার দিন ধরে বিভিন্ন জায়গায় তাঁকে খোঁজ করা হয়েছে। রানা হোসেন বলেন, তাঁর বাবা রবিউল ইসলাম একজন ব্যবসায়ী। গ্রামে তাদের সার-কীটনাশকের দোকান রয়েছে। তাঁর নামে কোনো মামলাও নেই।
স্থানীয় কাষ্টভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মর্ত্তোজা রেজা লিটু জানান, রবির বিরুদ্ধে একটি মারামারির মামলা ছিল। তিনি সক্রিয়ভাবে কোনো দল না করলেও বিএনপির সমর্থক ছিলেন। গ্রাম্য দলাদলির জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে রবির স্বজনরা অভিযোগ করেছেন।
চুয়াডাঙ্গা থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিনো হয়েছে।