চুয়াডাঙ্গায় একজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা
চুয়াডাঙ্গা সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জাকারিয়া হোসেন (৩০)। তাঁর বাড়ি একই গ্রামে। তিনি পেশায় পান ব্যবসায়ী ছিলেন।
নিহত ব্যক্তির বোনের স্বামী মিরচাঁদ আলী বলেন, জাকারিয়ার বাবা ফজলু মণ্ডলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আকন্দবাড়িয়া গুচ্ছগ্রাম ফকির বাগানে গত রাতে ওরস চলছিল। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে ওই বাগানের উদ্দেশে বের হন জাকারিয়া। ১৫-২০ মিনিট পর খবর আসে—কে বা কারা জাকারিয়াকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে।
কারা কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এ ব্যাপারে নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ কিছুই জানাতে পারেনি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই লাশটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি আজ শুক্রবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ সকাল নাগাদ কোনো মামলা হয়নি।