চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশির লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কামারপাড়া সীমান্ত থেকে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। অপর দিকে নীলফামারীর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের (বিএসএফ) গুলিতে এক জেলে আহত হয়েছেন।
গত সোমবার রাত পৌনে ১১টায় দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া সীমান্তে ৮১ নম্বর প্রধান খুঁটির কাছে মাথাভাঙ্গা নদী থেকে জাকির হোসেন (৩০) নামের এক বাংলাদেশির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পেশায় গরু ব্যবসায়ী ও পার্শ্ববর্তী কামারপাড়া গ্রামের আবদুল জব্বারের ছেলে।
নিহত ব্যক্তির পরিবার জানিয়েছে, গত রোববার ভোর পাঁচটার দিকে গরু আনতে জাকির হোসেন বারাদী সীমান্তের ওপারে ভালতের বিজয়নগরে যান। সোমবার সন্ধ্যায় কামারপাড়া গ্রামের লস্কর আলীর বাড়ির পাশে মাথাভাঙ্গা নদীতে জাকিরের ক্ষতবিক্ষত লাশ ভেসে ওঠে। দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, ‘লাশের শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।’
এদিকে নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর চর খড়িবাড়ি সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে আহত হয়েছেন মোশাররফ হোসেন (৩২) নামের এক বাংলাদেশি জেলে। গত মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে তিস্তা নদীর ওই সীমান্তের ৭৯৮ পিলারের পাশে উত্তর চরখড়িবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। মোশাররফ হোসেন চরখড়িবাড়ি গ্রামের আবদুস সামাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোশাররফ তিস্তা নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় ভারতের তিস্তাবস্তি বিএসএফ ক্যাম্পের সাত সদস্য বাংলাদেশের ভূখণ্ডের প্রায় ৮০০ গজ ভেতরে প্রবেশ করে তাঁকে ধরে নিয়ে যেতে চায়। এ সময় ওই এলাকায় ১০-১২ জন কৃষক চরের জমিতে ভুট্টাখেতে কাজ করছিলেন। তাঁরা এর প্রতিবাদ করেন এবং বিএসএফ সদস্যদের ঘেরাও করে মোশাররফকে উদ্ধারের চেষ্টা চালান। এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালান।