চুয়াডাঙ্গায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ আজ মঙ্গলবার সকালে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। সকাল সাড়ে আটটার দিকে পৌর এলাকার বেলগাছি গ্রামের গঙ্গাচারা মাঠ থেকে এই লাশ উদ্ধার করা হয়। তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলগাছি-মাখালডাঙ্গা সড়কের পাশে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা বেলগাছি গ্রামে এসে খবর দেন। স্থানীয় পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। যুবকের আনুমানিক বয়স ৩৩ বছর।

সদর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি জানান, নিহত যুবকের বাঁ কাঁধ ও ডান পাঁজরে দুটি গুলির চিহ্ন রয়েছে। একটি গুলি পিঠ ফুঁড়ে বেরিয়ে গেছে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় ও হত্যার কারণ জানতে চেষ্টা চলছে।