চুয়াডাঙ্গায় অস্ত্র ও মাদকসহ তিনজন গ্রেপ্তার
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ অস্ত্র-গুলি, হেরোইন ও ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারি শিপরাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি মহল্লায় শিপরার বাড়ি থেকে তাঁদের আটক ও পরে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বুজরুক গড়গড়ি এলাকার শিপরা বেগম (৫০), তাঁর স্বামী বাবুল (৪১) ও একই পাড়ার শাহ আলম (২৫)। শাহ আলম চুয়াডাঙ্গার যুবলীগ নেতা বাহারুল হায়াত হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আমীর আব্বাস জানান, অস্ত্র ও মাদক বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে দুপুর ১২টা ৫৫ মিনিটে শিপরা বেগমের বুজরুক গড়গড়ি মহল্লার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ও অস্ত্র কারবারি শিপরাসহ তিনজন পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশের নারী ও পুরুষ সদস্যরা তাঁদের ধরে ফেলেন। এরপর তাঁদের দেহ তল্লাশি করে ৬২ পুরিয়া হেরোইন, ২৪ বোতল ফেনসিডিল ও নগদ পাঁচ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। আসামিদের ভাষ্যমতে ও তাঁদের দেখিয়ে দেওয়া জায়গা ঘরের তোশকের নিচ থেকে দুটি দেশে তৈরি পাইপগান ও দুটি বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, থানার এসআই কাজী নাসিরুল ইসলাম ওই তিনজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করেছেন।