চুয়াডাঙ্গায় শুকুর আলী নামে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার বিরুদ্ধে হাইকোর্টের আদেশ জাল করে যাত্রা, সার্কাস ও জুয়ার আসর চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ শুকুর আলী ও তাঁর ৪০-৫০ জন অজ্ঞাত সহযোগীর বিরুদ্ধে মামলা করেছে।
পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গত শুক্রবার রাতে সদর থানায় মামলাটি দায়ের করেন। শুকুর আলী সদর উপজেলার তিতুদহ গ্রামের আবদুল লতিফের ছেলে ও তিতুদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুকুর আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক সায়মা ইউনুস গত ১৫ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ১০ দিনব্যাপী সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গড়াইটুপিতে মেলা চালানোর অনুমতি দেন। ১৯ জুলাই রাতে মেলার যাত্রা প্যান্ডেলের ভেতর থেকে পুলিশ পাঁচটি রামদা, একটি চায়নিজ কুড়ালসহ দুই ব্যক্তিকে আটক করে। এ সময় দুজন পালিয়ে যায়। ওই ঘটনায় পুলিশ শুকুর আলীসহ চারজনকে আসামি করে অস্ত্র আইনে সদর থানায় মামলা করে।
এজাহারে বলা হয়েছে, এরপর জেলা প্রশাসক ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত গড়াইটুপি মোকামতলায় সার্কাস, যাত্রাপালা, র্যা ফল ড্র ও গৃহস্থালি সামগ্রীর দোকান পরিচালনায় তিতুদহ গ্রামের মৃত সোবহানের ছেলে মো. হাসান গাফ্ফার সেলিমকে অনুমতি দেন। কিন্তু পুলিশ গ্রামে ওই নামে কাউকে খুঁজে পায়নি। শুকুর আলী নিজেই মো. হাসান গাফ্ফার সেলিম পরিচয়ে মেলা পরিচালনা করেন। ৯ আগস্ট শুকুর আলী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মুঠোফোনে বলেন, ‘হাইকোর্ট থেকে গড়াইটুপি মেলার দুই মাসের অনুমতি হয়েছে। এবং হাইকোর্ট আপনার ঠিকানায় একটি চিঠি পাঠিয়েছেন।’
মামলায় বাদী এসআই শরিফুল ইসলাম উল্লেখ করেন, চিঠিটি জাল বলে সন্দেহ হওয়ায় ১০ আগস্ট পুলিশ সুপারের দপ্তর থেকে হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার সোহাগ রঞ্জন পালের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করা হলে তিনি চিঠিটি জাল বলে নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে শুকুর আলী গতকাল শনিবার দাবি করেন, ‘আমার নামে মামলা হওয়ায় বিস্মিত হয়েছি।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।