চুয়াডাঙ্গায় ঈদের রাতে দুই কিশোর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের বড় বোয়ালিয়া গ্রামের মাঠে দুর্বৃত্তরা ঈদের রাতে দুই কিশোরকে হত্যা করেছে। আলমডাঙ্গা থানার পুলিশ গত শনিবার দুপুর ১২টায় নিহত দুই কিশোরের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্বজনদের দাবি, ওই দুই কিশোরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত দুই কিশোর হচ্ছে বড় বোয়ালিয়া গ্রামের আবদুল মজিদের ছেলে হাফিজুর রহমান (১৭) ও একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. রনি (১৭)। পুলিশের ভাষ্য অনুযায়ী, রনি একটি ছিনতাই মামলার আসামি। আর হাফিজুর তার ঘনিষ্ঠ বন্ধু। পূর্বশত্রুতার জের ধরে এই জোড়া খুনের ঘটনা ঘটতে পারে।

সরেজমিন ঘুরে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের দিন রাতে হঠাৎ করেই দুই কিশোরের নিখোঁজ হওয়ার খবরে স্বজন ও প্রতিবেশীসহ গ্রামবাসী উদ্বিগ্ন হয়ে পড়ে। সকাল থেকেই আত্মীয়স্বজনের বাড়ির পাশাপাশি এলাকায় তাদের খোঁজাখুঁজি করা হয়। বেলা ১১টার দিকে গ্রামের মরা নদীর ধারের একটি কলাবাগানে হাফিজুরের এবং এর ৫০০ গজ দূরে ধানখেতে রনির লাশ পড়ে থাকতে দেখা যায়। তাদের গলায় পাটের কাঁচা আঁশ জড়ানো ছিল। খবর পেয়ে হাফিজুরের মা রেবেকা খাতুন ও রনির চাচা নজরুল ইসলাম গিয়ে লাশ শনাক্ত করেন।

হাফিজুরের বাবা বলেন, তাঁর ছেলে শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী বুদো মণ্ডলের বাড়িতে দাওয়াত খেতে যায়। শনিবার প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে গ্রামের মাঠে গিয়ে লাশ শনাক্ত করেন। 

রনির চাচা নজরুল ইসলাম বলেন, তিন-চার দিন ধরে পার্শ্ববর্তী মিরপুর উপজেলার ঝুটিকাডাঙ্গার একদল দুর্বৃত্ত রনিকে হত্যার হুমকি দিয়ে আসছিল। হুমকিদাতারা প্রায়ই ধারালো অস্ত্র নিয়ে খোঁজ করায় রনি ঈদের দিন পার্শ্ববর্তী লক্ষ্মীপুর গ্রামে ফুফুর বাড়িতে যায়। সেখানে থাকাকালে দুর্বৃত্তরা কৌশলে মুঠোফোনে ডেকে নিয়ে তাকে খুন করে।

গতকাল রোববার হাফিজুরের বাবা আবদুল মজিদ এবং রনির মা সুকিলা খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় পৃথক দুটি হত্যা মামলা করেন। আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী রাসেল বলেন, পূর্বশত্রুতার জের ধরে তাদের খুন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।