চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার আইলহাঁস ইউনিয়নের আইলহাঁস বেগোয়ার মাঠ থেকে আজ শনিবার দুপুরে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম হাসিবুল ইসলাম (২৮)। পেশায় তিনি মুদি ব্যবসায়ী ছিলেন। তিনি আইলহাঁস গ্রামের দক্ষিণপাড়ার মো. আবদুল কুদ্দুসের ছেলে। হাসিবুলের পরিবারে স্ত্রী হীরা খাতুন ও সাত বছর বয়সী ছেলে হামিম হাসান রয়েছে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, হাসিবুল গতকাল শুক্রবার রাত ১১টার দিকে তাঁর দোকান বন্ধ করেন। এ সময় তাঁর মুঠোফোনে একটি কল এলে কথা বলতে বলতে বেগোয়ার মাঠের দিকে চলে যান। আজ বেলা সাড়ে ১১টার দিকে কৃষিশ্রমিকেরা মাঠে ক্ষতবিক্ষত লাশ দেশে নিহত ব্যক্তির স্বজন ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলা দুইটার দিকে আলমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত হাসিবুলের স্ত্রী হীরা খাতুন জানান, দোকান বন্ধের সময় সর্বশেষ কথা হয়েছে স্বামীর সঙ্গে। এরপর থেকে ফোনটি বন্ধ পান। রাতে বাড়ি না ফিরলে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা হাসিবুলকে আশপাশে খোঁজ করেও পাননি।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর জানান, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁকে কৌশলে ডেকে নিয়ে খুন করতে পারে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।