চুয়াডাঙ্গায় একজনকে তুলে নেওয়ার ১২ ঘণ্টা পর মিলল ক্ষতবিক্ষত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার বাবুর আলী নামের এক ব্যক্তিকে অস্ত্রের মুখে তুলে নেওয়ার ১২ ঘণ্টা পর তাঁর ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে। তাঁর বাড়ি আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামে। আজ বৃহস্পতিবার সকাল আটটার এই গ্রামেরই মসজিদ পাড়ায় উজির শাহ নামের এক বাউল সাধকের ঘর থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।

পুলিশের ভাষ্য, নিহত বাবুর আলী (৪৮) এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাহেব বাহিনীর সদস্য এবং তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকেরা তাঁকে তুলে নিয়ে হত্যা করেছে।

বাবুর আলীর বাড়িতে স্ত্রী ও চার মেয়ে। বড় মেয়ে বিবাহিত। দুজন স্কুলে পড়ে ও ছোটটির বয়স মাত্র এক বছর।

বাবুর আলীর স্ত্রী মমতাজ বেগম জানান, গতকাল বুধবার সন্ধ্যায় গ্রামের হাসিয়ারের চায়ের দোকান থেকে একদল দুর্বৃত্ত বাবুর আলীকে তুলে নিয়ে যায়। এ খবর পাওয়ার পর পুলিশ ও গ্রামবাসী রাতে খোঁজ করলেও বাবুরকে পাওয়া যায়নি। সকাল সাতটার দিকে গ্রামের মসজিদ পাড়ার উজির শাহ তাঁর ঘরে বাবুরের লাশের খবর দিলে গ্রামবাসীরা তাদের জানায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

গ্রামের এক পাশে মাঠের মধ্যে উজির শাহ’র আস্তানা বাড়ি। তিনি সেখানে একাই থাকেন। মাঝে মাঝে তাঁর বাউল সঙ্গীরা আসেন। আজ সকালে বৃদ্ধ উজির শাহ প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাত আটটার দিকে তিনজন লোক বাবুর আলীকে ধাওয়া করলে আমার ঘরে ঢুকে চৌকির নিচে আশ্রয় নেয়। এরপর তারা বাবুরকে টেনে-হিঁচড়ে বের করে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে ফেলে যায়। আমি বিষয়টি কয়েকজনকে জানালেও তারা আমলে নেয়নি। পরে আমি আস্তানা থেকে কিছুটা দূরে আমার বাড়িতে চলে যাই। আজ সকালে আবারও বিষয়টি জানালে কয়েকজন গ্রামবাসী এসে লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়।

মমতাজ জানান, আট বছর আগে গ্রামে জামাল হোসেন নামের এক ব্যক্তি খুন হয়। ওই ঘটনায় করা মামলায় তাঁর স্বামী বাবুর আলী সন্দেহভাজন আসামি ছিলেন। এক বছর হাজতবাসের পর তিনি জামিনে বের হয়ে আসেন। এরপর নিজেদের জমিতে চাষাবাদ করে সংসার চালিয়ে আসছিলেন। তবে গ্রামের একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এসব বিরোধের জের ধরে খুনের ঘটনা ঘটতে পারে।

বাবুরের বড় মেয়ে ডলি খাতুন বলেন, তাঁর বাবাকে এর আগেও একাধিকবার খুনের চেষ্টা করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আবদুল হালিম ও তাঁর ছেলে সোহেলকে আটক করেছে। আবদুল হালিম আট বছর আগে খুন হওয়া জামালের চাচা।