চুয়াডাঙ্গায় কিশোরীবধূর মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় অন্তরা খাতুন (১৬) নামের এক কিশোরীবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিখোঁজের এক দিন পর গতকাল সোমবার সকালে সদর থানার পুলিশ শহরের পৌর কলেজপাড়ার পরিত্যক্ত একটি বিস্কুট কারখানার ভেতর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
অন্তরা পৌর কলেজপাড়ার সাকিব হোসেনের স্ত্রী এবং দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে। অন্তরার বাবার বাড়ির লোকজন এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড এবং শ্বশুরবাড়ির লোকেরা আত্মহত্যা বলে দাবি করেছেন। এলাকায় এ নিয়ে নানা রকম আলোচনা চলছে।
সরেজমিনে গতকাল সোমবার সকাল সাতটায় দেখা যায়, পৌর কলেজপাড়ার পরিত্যক্ত একটি বিস্কুট কারাখানার ভেতরে অন্তরার লাশ ঝুলছে। লাশের গলার ফাঁসটি বেশ বড় এবং দুটি পা মাটিতে ঠেকে আছে। উৎসুক কয়েক শ মানুষ কারখানাটি ঘিরে রেখেছে। এই কারখানার পেছনেই অন্তরার শ্বশুরবাড়ি। সেখানেই উভয় পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক চার-পাঁচজন প্রতিবেশী জানান, কয়েক দিন ধরে স্বামী-স্ত্রী ও শাশুড়ির মধ্যে ঝগড়া হচ্ছিল। তবে কী কারণে ঝগড়া, তা কেউ জানাতে পারেননি।
অন্তরার মা বিলকিস খাতুন বলেন, ‘গত বছর মেয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করছিল। ছেলেপক্ষের আগ্রহে মেয়েটিকে সাত মাস আগে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় কোনো লেনদেনের কথা না থাকলেও সম্প্রতি ৫০ হাজার টাকা যৌতুকের জন্য মেয়ের শাশুড়ি ও স্বামী নানাভাবে চাপ দিতে থাকেন। মেয়ের কষ্টের কথা ভেবে কয়েক দিন আগে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। ১৫ দিন পর বাকি টাকা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল।’ বিলকিস বলেন, ‘শনিবার রাতে অন্তরা ফোন করে অনেক কান্নাকাটি করে আমাকে তার ওপর নির্যাতনের কথা জানায়। এরপর রোববার দুপুরে শ্বশুরবাড়ির লোকজন প্রচার করতে থাকে সকাল ১০টা থেকে অন্তরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মধ্যরাতে খবর দেয় অন্তরার ঝুলন্ত লাশ পাওয়া গেছে।’ বিলকিসের দাবি, মেয়েকে পরিকল্পিতভাবে খুন করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
তবে অন্তরার শাশুড়ি সাহেদা খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন, অন্তরা কিছুদিন ধরে তাঁদের সঙ্গে খারাপ আচরণ করছিল। রোববার সকাল ১০টা থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর ওই দিন মধ্যরাতে বিস্কুট কারখানায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি পাওয়া যায়। লাশটি প্রথম দেখে অন্তরার স্বামী সাকিব হোসেন ও তাঁর (সাকিবের) বড় ভাবি আসমা খাতুন।
এদিকে গতকাল সোমবার সকালে ঘটনাস্থল ওই পরিত্যক্ত বিস্কুট কারখানার পেছনে সরু গলির মধ্যে নিল রঙের একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। পুলিশও আলামত হিসেবে তা উল্লেখ করে। অন্তরার নানা দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের বয়রা গ্রামের আইয়ুব হোসেন দাবি করেন, পড়ে থাকা স্যান্ডেলটি সাকিবের।
সাকিবের সঙ্গে কথা বলার সময় তাঁর পায়ে কোনো স্যান্ডেল দেখা যায়নি। স্যান্ডেল প্রসঙ্গ তুলতেই সাকিব দাবি করেন কারখানার পেছনের গলিতে দাঁড়িয়ে স্ত্রীর লাশ দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাই স্যান্ডেল কোথায় পড়েছে খেয়াল নেই।
চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোস্তফা দাবি করেন, সার্বিক বিবেচনায় এটাকে আত্মহত্যা বলে মনে হয়নি। কারণ যেখানে লাশ ঝুলছে পাশেই বাঁশের খুঁটি রয়েছে। পা দুটি মাটিতে ঠেকে রয়েছে। গলার ফাঁসটিও বড়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোহাম্মদ জানান, মৃত্যুটি রহস্যজনক। লাশের গায়ে কাদামাটি ও ঝুল-ময়লা লেগে আছে। হত্যা, নাকি আত্মহত্যা, তা জানার জন্য লাশ ময়নাতদন্ত করতে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাফিজুল ইসলাম বাদী হয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন।