চুয়াডাঙ্গায় ক্লিনিক ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামে নজরুল ইসলাম (৩৬) নামের এক ক্লিনিক ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। এর আগের দিন রাতে সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে এক এনজিও কর্মকর্তার গলায় ছুরি মেরে মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

আলমডাঙ্গায় নিহত নজরুল ইসলাম উপজেলার খাসকররা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের ছেলে। তাঁকে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল বিকেল পাঁচটার দিকে সন্দেহভাজন হিসেবে তিওরবিলা গ্রামের মো. লাটিম হোসেন, ওল্টু হোসেন, আবদুল মোমিন, চন্টু মিয়া ও পাশের গ্রামের হাকিমপুরের আনোয়ার হোসেন, মতিয়ার রহমান, তোফাজ্জেল হোসেনের বাড়ি ও দুটি দোকান ভাঙচুর ও আগুন দেন। সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, হরিণাকুণ্ডু উপজেলার শহরে নজরুল ইসলামের একটি ক্লিনিক আছে। গতকাল বেলা দুইটার দিকে তিনি হরিণাকুণ্ডু থেকে মোটরসাইকেলে চড়ে বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছার পর একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে পড়ে গেলে তাঁকে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বলেন, কারা ও কী কারণে নজরুলকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

গলায় ছুরি মেরে ছিনতাই: গত রোববার রাত আটটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের শালমারী কালভার্টের কাছে এনজিও কর্মকর্তা স্বপন কুমার সরকারের (৩৫) গলায় ছুরি মেরে তাঁর মোটরসাইকেল, টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

স্বপন কুমার ‘বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বা বিজ নামের একটি এনজিওর চুয়াডাঙ্গা ইউনিটের শাখা ব্যবস্থাপক।

বিজ চুয়াডাঙ্গার এলাকা ব্যবস্থাপক প্রদীপ কুমার জানান, রোববার রাতে জরুরি প্রয়োজনে সদর উপজেলার দিননাথপুর গ্রামে যাচ্ছিলেন স্বপন। রাস্তায় শালমারী কালভার্টের কাছে পাঁচজন ছিনতাইকারী পথরোধ করে অস্ত্রের মুখে তাঁর মোটরসাইকেল, নগদ ৭০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। দুর্বৃত্তরা স্বপনের গলা কেটে ফেলে রেখে যায়। স্থানীয় এক ট্রাক্টরচালক তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে গতকাল সকালে স্বপনের অস্ত্রোপচার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হোসেন বলেন, ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হামলা হয়েছে।