চুয়াডাঙ্গায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গতকাল সোমবার দুপুরে স্থানীয় একজন পল্লিচিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন।
ওই পল্লিচিকিৎসকের নাম ফরজন ওরফে আইতুল (৪৫)। তিনি ও ঘটনার শিকার গৃহবধূ উভয়ের বাড়ি উপজেলার বেগমপুর ইউনিয়নের একটি গ্রামে।
চুয়াডাঙ্গা সদর থানায় করা মামলার এজাহারে গৃহবধূ উল্লেখ করেন, গত রোববার সকাল নয়টার দিকে তিনি পেটব্যথার চিকিৎসা নিতে পল্লিচিকিৎসক ফরজনের বাড়িতে যান। ফরজন তাঁকে চিকিৎসা দেওয়ার জন্য ঘরের ভেতরে ডাকেন। ঘটনার সময় ওই বাড়িতে আর কেউ ছিলেন না। এ সুযোগে ফরজন তাঁকে ধর্ষণ করেন।
গৃহবধূর স্বামী বলেন, প্রতিবেশীরা তাঁর স্ত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। গতকাল সোমবার দুপুরে নাগরিক সংগঠন জেলা লোকমোর্চার সহযোগিতায় তাঁরা মামলা করেন।
সদর থানার পরিদর্শক (অপারেশন) আমির আব্বাস বলেন, ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া চলছে। পল্লিচিকিৎসক ফরজন পলাতক রয়েছেন।