চুয়াডাঙ্গায় চাঁদাবাজির মামলায় সাংবাদিক গ্রেপ্তার
চাঁদাবাজির মামলায় চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আকাশ খবর পত্রিকার নির্বাহী সম্পাদক তানজির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ১১টার দিকে শহরের একাডেমি মোড়ে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ বলেন, খাদ্য অধিদপ্তরের অধীন সদর খাদ্যগুদাম চত্বরে নতুন একটি গুদাম তৈরি হচ্ছে। এ কাজের ঠিকাদার ঝিনাইদহের মিজানুর রহমান অভিযোগ করেছেন, বেশ কিছুদিন ধরে সাংবাদিক তানজির আহমেদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় কর্মরত শ্রমিকদের হুমকি-ধমকি দিলে তাঁরা সোমবার কাজ বন্ধ করে দেন। ওই দিন ঠিকাদার মিজানুর চাঁদাবাজির অভিযোগে তানজির আহমেদসহ দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও তিনজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। ওই মামলায় তানজিরকে গ্রেপ্তার করা হয়েছে।
দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদক তছিরুল আলম দাবি করেন, তানজিরকে হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।