জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার চেয়ারম্যান নুরুন্নাহার কাকলীর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। সংস্থার পাঁচ সদস্যের নির্বাহী কমিটির চারজন সদস্যই ৩০ আগস্ট কেন্দ্রীয় চেয়ারম্যানের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
তবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই সংস্থার চেয়ারম্যান নুরুন্নাহার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমি ও অভিযোগকারীরা সবাই মহিলা আওয়ামী লীগ করি। ২৭ জুলাই অনুষ্ঠিত জেলা মহিলা আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় তাঁরা মিথ্যা অভিযোগ তুলেছেন।’
নির্বাহী কমিটির চার সদস্য রাফিয়া খাতুন, শাহাজাদী মিলি, সাহিদা খাতুন ও ফরিদা খাতুন জাতীয় মহিলা সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যানের কাছে ওই লিখিত অভিযোগ করেন। যার অনুলিপি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার, জেলা প্রশাসক সায়মা ইউনুছ, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন উজ্জামানকে দেওয়া হয়।
লিখিত অভিযোগে বলা হয়, চেয়ারম্যান নুরুন্নাহার নির্বাহী কমিটিকে না জানিয়ে নিজের দুই ভাইবোনকে সংস্থায় চাকরি দিয়েছেন। সংস্থার কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রের ভাড়া ১১ হাজার টাকা হলেও ২৪ হাজার টাকা দেখিয়ে প্রতি মাসে টাকা আত্মসাৎ; দুই পালায় ১০ জন করে ২০ জন প্রশিক্ষণ নিলেও সেখানে অতিরিক্ত ১০ জনের ভুয়া হাজিরা দেখানো; আর্থিক সুবিধা (৪০ হাজার টাকা) নিয়ে অদক্ষ বিউটিশিয়ান প্রশিক্ষক নিয়োগ এবং ভুয়া সনদে নিয়োগ পাওয়া একজন প্রশিক্ষকের সম্মানীর অর্ধেক টাকা কেটে নিয়ে আত্মসাৎ করেন। একই সঙ্গে তিনি মহিলা সংসদ সদস্যের বরাদ্দ করা টিআর প্রকল্পের দুই টন গম বিক্রির টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম করে আসছেন।
এ বিষয়ে ইউএনও মামুন উজ্জামান বলেন, অভিযোগ তিনি পেয়েছেন। এ বিষয়ে তাঁর করার কিছু নেই। কেন্দ্রীয়ভাবে এর সিদ্ধান্ত হবে।