চুয়াডাঙ্গায় ছেলের হাতে বাবা খুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন। আজ সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গায় নজরুল ইসলাম (৪৫) খুন হন। এ ঘটনার পর অভিযুক্ত ছেলে জাহিদুল ইসলাম (২২) আত্মগোপন করেছেন।
নিহতের ভাতিজা আবদুল মতিন বলেন, তাঁর চাচা নজরুল ইসলাম পেশায় কৃষক। গত কয়েক দিন ধরে চাচার সঙ্গে চাচি মালেকা বেগমের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হয়। আজ বিকেলে তাঁদের একমাত্র ছেলে জাহিদুল মায়ের পক্ষ নিয়ে বাবার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে জাহিদুল কাঠের বড় টুকরা দিয়ে তাঁর বাবার নাকেমুখে সজোরে আঘাত করলে নজরুল গুরুতর জখম হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক রাজীবুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক রাজীবুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই নজরুলের মৃত্যু হয়েছে। নিহতের নাক-মুখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার প্রাথমিক তদন্তের জন্য কার্পাসডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।