চুয়াডাঙ্গায় ঝড়ে পড়ল আরেকটি বৃষ্টি
চুয়াডাঙ্গায় আত্মীয়স্বজনের মানসিক ও শারীরিক নির্যাতন সইতে না পেরে স্নিগ্ধা শাহানাজ ওরফে বৃষ্টি (১১) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সদর উপজেলার বোয়ালমারী গ্রাম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ নিয়ে চলতি বছরে চুয়াডাঙ্গায় ১৫১ জন আত্মহত্যা করল। এদের মধ্যে বেশির ভাগের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে।
আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বৃষ্টির মায়ের চাচাতো ভাই মনোয়ার হোসেন ও তাঁর মা হালিমা খাতুনের শাস্তির দাবিতে সহপাঠীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে মিছিল বের করে তাঁদের বাড়ি ঘেরাও করে। অবস্থা বেগতিক বুঝতে পেরে মনোয়ার ও হালিমা আত্মগোপনে চলে যান।
বৃষ্টি পাশের আমিরপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। সে বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত। মা-বাবার বিচ্ছেদের পর থেকে বৃষ্টি বোয়ালমারী গ্রামে মামা রফিকুল ইসলামের বাড়িতে থেকে পড়াশোনা করত। একমাত্র ভাই সবুজ হোসেন (১৮) ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করেন। মা চম্পা খাতুন ঢাকায় বাসাবাড়িতে কাজ করেন।
বৃষ্টির মামি রোজী বেগম বলেন, সহপাঠী ও প্রতিবেশী মামাতো বোন নিশিতার সঙ্গে সম্প্রতি বৃষ্টির মনোমালিন্য দেখা দেয়। নিশিতা বৃষ্টির নামে মিথ্যা অভিযোগ তুলে তার বাবা ও দাদির কাছে নালিশ করে। এর জের ধরে গত কয়েক দিন দফায় দফায় নিশিতার বাবা মনোয়ার ও দাদি হালিমা খাতুন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সামনে এবং বাড়িতে এসে বৃষ্টিকে বকাঝকা করে আসছিলেন। গতকাল সকালে হালিমা খাতুন বাড়ির উঠানে এসে আবারও বৃষ্টিকে বকাঝকা করেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। এতে বৃষ্টি রাগে-ক্ষোভে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
বৃষ্টির সহপাঠী প্রিয়া খাতুন ও ঘনিষ্ঠ বান্ধবী আফরোজা খাতুন প্রথম আলোকে জানায়, কয়েক দিন ধরে বৃষ্টি খুবই মন খারাপ করে ছিল। গত বৃহস্পতিবার সমাপনী নির্বাচনী পরীক্ষা শেষে বৃষ্টি তাদের ধরে কাঁদতে কাঁদতে জানিয়েছিল নিশিতার বাবা ও দাদি যেভাবে দফায় দফায় অপমান করছে, তাতে আত্মহত্যা ছাড়া তার সামনে কোনো উপায় নেই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা সুলতানা বলেন, মনোয়ার ও তাঁর মা হালিমা খাতুন পাঁচ-ছয় দিন ধরে দফায় দফায় স্কুলে এসে বৃষ্টিকে সহপাঠীদের সামনেই বকাঝকা করেন। শিক্ষকদের পক্ষ থেকে তাঁদের অনুরোধ করার পরও শোনেননি।
সহকারী শিক্ষক আজমিরা খাতুন বলেন, ‘আমরা যত দূর জেনেছি, মনোয়ার ও তাঁর মায়ের কাছ থেকে পাওয়া মানসিক নির্যাতনের কারণেই বৃষ্টি বাধ্য হয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা প্ররোচনাকারীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, নিহত বৃষ্টির ভাই সবুজ হোসেন থানায় অপমৃত্যুর মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।