চুয়াডাঙ্গায় ডাকাতের কবলে দুই চিকিৎসক
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি সংঘটিত হয়েছে। গত শুক্রবার চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে ওই ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা একরামুল হক বলেন, সদর উপজেলার বারাদী বাজারের একটি ক্লিনিক থেকে তিনি মোটরসাইকেলে চুয়াডাঙ্গায় ফিরছিলেন। পথে কবরস্থানের কাছে রাস্তায় গাছ পড়ে থাকতে দেখে তিনি মোটরসাইকেল ঘুরিয়ে মেহেরপুরের দিকে ফেরার চেষ্টা করেন। এ সময় সাত-আটজন মুখোশধারী ডাকাত তাঁর পথরোধ করে। হত্যার হুমকি দিয়ে তাঁরা মোটরসাইকেল ও মুঠোফোন কেড়ে নেয়। এ ঘটনার আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক নুরউদ্দিন রুমী মেহেরপুরের একটি ক্লিনিকে অস্ত্রোপচার শেষে ব্যক্তিগত গাড়িতে করে ফেরার পথে একই জায়গায় ডাকাতের কবলে পড়েন। তাঁর কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা ও মুঠোফোন কেড়ে নেয় ডাকাতেরা।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) সুফিউদ্দিন ও সদর থানার ওসি লিয়াকত হোসেনসহ পুলিশের বিশেষ টহলদল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে বাসচালকের বুদ্ধিমত্তায় ঢাকা থেকে মেহেরপুরগামী একটি নৈশকোচের যাত্রীরা অল্পের জন্য ডাকাত দলের হাত থেকে রক্ষা পেয়েছেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি লিয়াকত হোসেন বলেন, ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত আছে।