চুয়াডাঙ্গায় তরুণকে কুপিয়ে খুন, আরেকজন জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা শহরে দুর্বৃত্তরা ভুলু সরদার (২০) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে। একই সময় আকাশ হোসেন (২২) নামের আরও এক তরুণ আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে শহরের মাস্টারপাড়া এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।
নিহত ভুলু চুয়াডাঙ্গা পৌর এলাকার সরদারপাড়ার খবির সরদারের ছেলে এবং আকাশ বাবলু হোসেনের ছেলে। হতাহত তরুণেরা মাছের ব্যবসার পাশাপাশি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী দাবি করেছেন, বিগত পৌর নির্বাচনে ভুলু ও আকাশ তাঁর (স্বতন্ত্র প্রার্থী) পক্ষে কাজ করেছিলেন।
এদিকে জেলা পুলিশের একটি বিশেষ দল খুনের ঘটনার পর শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্র, মাদকদ্রব্যের বোতলসহ তিন যুবককে আটক করেছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে আটক যুবকদের নাম প্রকাশ করেনি।
থানার পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ভুলু সরদার ও আকাশ হোসেন শহরের বড়বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তাঁরা মাস্টারপাড়ায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালিয়ে উপর্যুপরি কোপায় এবং একপর্যায়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাঁদের মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভুলুকে মৃত ঘোষণা করেন এবং আকাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
এদিকে সন্দেহভাজন দুর্বৃত্তদের ধরতে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেনের নেতৃত্বে জেলা পুলিশের বিশেষ দল শহরের কয়েকটি স্থানে অভিযান চালায়। বেলা তিনটার দিকে পুলিশের এই দলটি শহরের টাউন ফুটবল মাঠের বিপরীতে অবস্থিত শয়নবিলাস আবাসিক হোটেলে ঝটিকা অভিযান চালায়। সেখান থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিন যুবককে আটক এবং দুটি ধারালো অস্ত্র (চাপাতি), ৩০টি লোহার রড, মদ ও ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করে। তবে আটক যুবকদের পরিচয় গোপন রাখা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, বিবদমান দুটি পক্ষের পূর্ববিরোধের জের ধরে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, আহত আকাশের কাছ থেকে হামলাকারীদের নাম জানা গেছে।