চুয়াডাঙ্গায় তিন কেজি সোনাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর এলাকা থেকে তিন কেজি ১৭৫ গ্রাম সোনা ও একটি মোটরসাইকেলসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকাল সোয়া আটটায় এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম বাবু মিয়া (৩২)। তিনি দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা গ্রামের আবদুর রহমানের ছেলে।

বিজিবি-৬ ব্যাটালিয়ন চুয়াডাঙ্গা সদর দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদের নেতৃত্বে একটি বিশেষ দল শুক্রবার সকাল সোয়া আটটার দিকে পারকৃষ্ণপুর এলাকায় একটি সন্দেহভাজন মোটরসাইকেল আটক করে। আটকের পর এর চালক বাবু মিয়ার কাছ থেকে স্বর্ণের তিনটি বার উদ্ধার করা হয়। যার ওজন তিন কেজি ১৭৫ গ্রাম। আটকের পর সোনার বার ও মোটরসাইকেলসহ বাবু মিয়াকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।