চুয়াডাঙ্গায় তিন দিন পর ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের মাঠ থেকে পুলিশ গতকাল শুক্রবার দুপুরে শিহাব হোসেন নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে।
পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ২৭ অক্টোবর থেকে সে নিখোঁজ ছিল।
নিহত শিহাব (৮) কুতুবপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
কুতুবপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) রহমত উল্লাহ শিহাবের পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন, ২৭ অক্টোবর সন্ধ্যায় কিছু সময়ের জন্য বাইরে যাওয়ার কথা বলে শিহাব বাড়ি থেকে বের হয়।
সহকারী উপপরিদর্শক বলেন, এরপর থেকে শিহাব নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে শিহাবের সন্ধান চেয়ে মাইকিং এবং পুলিশকে মৌখিকভাবে ঘটনাটি জানানো হয়। গতকাল দুপুরে কুতুবপুর গ্রামের খিতাপাড়া মাঠে শিশুটির লাশ পাওয়া যায়। লাশের আলামত দেখে মনে হয়েছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক। তিনি জানান, শিহাবের মুখমণ্ডলসহ শরীরে আঘাতের চিহ্ন আছে।