চুয়াডাঙ্গায় তিন বাউলকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গায় একটি বাউল আখড়ায় হামলা চালিয়ে দুই নারীসহ তিন বাউলকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ১২টার দিকে জেলার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের একতারপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর থেকে নুরু বক্স শাহ (৫০) নামে এক বাউলকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আহত বাউলেরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার শোরুদা গ্রামের বাউল আবদুর রহিম শাহ (৬৫) ও তাঁর স্ত্রী বুলু বেগম (৫৫) এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর গ্রামের বাউল রুশিয়া খাতুন (৪৫)। তাঁদের হামলার পর রাতেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রুশিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে গতকাল রোববার সকালে বাড়ি ফিরেছেন।
স্থানীয় বাসিন্দা বাউল শহিদুল হক শাহ গতকাল প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত ১২ কাঠা জমির ওপর আট বছর আগে আখড়াবাড়ি স্থাপন করেন তিনি। তাঁর ছেলে মুকুল শাহ বর্তমানে আখড়াটি তদারক করছেন। শনিবার রাতে দুই নারীসহ চারজন বাউল তাঁদের আখড়ায় আসেন। রাত ১২টার দিকে মুকুল শাহ বাউলদের থাকার জন্য কাঁথা-বালিশ আনতে বাড়িতে যান। এরপর ১২ থেকে ১৫ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে আখড়াবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে তিনজনকে জখম করে। এ সময় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের বাউল নুরু বক্স পালিয়ে আত্মরক্ষা করেন। গতকাল পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
মুকুল শাহ বলেন, চার বছর আগেও ওই আখড়ায় দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছিল। ওই সময় তাঁকে ও প্রতিবেশী বাউল মিজানুর রহমানকে কুপিয়ে জখম করা হয়। হামলার কারণ সম্পর্কে তাঁরা কিছু বলতে পারেননি। এর আগে কেউ হুমকিও দেয়নি।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান বলেন, রুশিয়া বেগমের গলায় ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ভারী কিছুর আঘাতে অন্য দুজনের শরীর থেঁতলে দেওয়া হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রোববার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। হামলাকারীদের ধরতে পুলিশি তৎপরতা চলছে।