চুয়াডাঙ্গায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্কুলছাত্রীর পরিবার উপজেলার মারফত আলী জোয়ারদারের ছেলে আহম্মদ আলীর (২৪) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে। এ ঘটনার পর থেকে আহম্মদ আত্মগোপন করেছেন।
ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা জানান, বাড়ির পাশে খেলাধুলা শেষে গতকাল সন্ধ্যায় মেয়েটি বাড়ি ফিরছিল। এ সময় এক প্রতিবেশী মেয়েটিকে উঠান থেকে একটি মুরগি ধরে দিতে বলেন। কাজ শেষে বাড়ি আসার সময় আহম্মদ আলী মুখ চেপে মেশিনঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে মেয়েটি বাড়িতে ফিরে তার ভাবিকে পুরো ঘটনা জানায়।
মেয়েটির বাবা বলেন, ‘ঘটনাটি জানার পর রাতে আহম্মদের বাবার কাছে বিষয়টি জানানো হলেও তিনি গুরুত্ব দেননি। এরপর রাতে মেয়েটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি আলমডাঙ্গা থানা-পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। শিগগিরই মামলা করা হবে।’
ধর্ষণের শিকার ওই ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালের প্রসূতি বিভাগের পরামর্শক আকলিমা খাতুন জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।
খবর পেয়ে শুক্রবার সকালে জেলার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান হাসপাতালে মেয়েটিকে দেখতে যান এবং তার খোঁজখবর নেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মুন্সী জানান, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। আহম্মদ আলীকে আটক করতে পুলিশি অভিযান চলছে।