
চুয়াডাঙ্গায় পৃথক দুটি স্থানে জেএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীসহ দুজন আত্মহত্যা করেছে। গত রোববার এ ঘটনা ঘটে। গতকাল সোমবার যশোর নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
চুয়াডাঙ্গায় নিহত ব্যক্তিরা হচ্ছে পৌর এলাকার নুরনগর মহল্লার মীম খাতুন (১৪) ও দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের সুমাইয়া খাতুন (১৯)। এদের মধ্যে মীম চুয়াডাঙ্গা এম এ বারী মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
পুলিশ জানায়, মীম রোববার চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সাধারণ বিজ্ঞান পরীক্ষা দিয়ে দুপুরে বাড়ি ফেরে। কিন্তু পরীক্ষা ভালো না হওয়ায় মানসিক অস্থিরতায় ভুগতে থাকে। একপর্যায়ে সন্ধ্যার দিকে ঘরের ভেতরে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে পারিবারিক বিষয়ে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি হওয়ায় রোববার রাতে সুমাইয়া খাতুন ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী ও দামুড়হুদা থানার ওসি মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ না দেওয়ায় গতকাল যশোর নার্সিং ইনস্টিটিউটের হোস্টেলে তৃতীয় বর্ষের এক ছাত্রী আত্মহত্যা করার চেষ্টা করেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ছাত্রীর আত্মহত্যায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সিভিল সার্জনের কার্যালয়ে সামনে অবস্থায় নিয়ে বিক্ষোভ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাঁদের ওই সহপাঠীর সঙ্গে প্রতিষ্ঠানের ইনচার্জ সেলিনা ইয়াসমিনের ব্যক্তিগত বিরোধ আছে।
এ কারণে তিনি তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় ধাত্রীবিদ্যা বিষয়ে ওই ছাত্রীকে অকৃতকার্য দেখান। অকৃতকার্যের অজুহাতে দ্বিতীয় সেমিস্টারের মাঝামাঝি পরীক্ষায় (মিডটার্ম) তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে না।
শিক্ষার্থীরা জানান, গতকাল দুপুরে তাঁদের সহপাঠী ইনচার্জের কক্ষে গিয়ে পরীক্ষায় বসার জন্য আবারও অনুমতি চান। কিছুক্ষণ পর ওই কক্ষ থেকে দৌড়ে তিনি হোস্টেলের নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। সহপাঠীরা তাঁকে ডাকাডাকি করলেও তিনি দরজা খোলেননি। পরে সন্দেহ হলে তাঁরা পাশের একটি জানালা দিয়ে দেখতে পান, কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ওই ছাত্রী ঝুলছেন। এরপর দরজা ভেঙে তাঁকে বের করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও নার্সিং ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষক সামছুল হাসান প্রথম আলোকে বলেন, ওই ছাত্রী বর্তমানে নিবিড় তত্ত্বাবধানে আছেন। শরীরের অবস্থার উন্নতি ঘটেছে।
অভিযোগ অস্বীকার করে সেলিনা ইয়াসমিন বলেন, ওই ছাত্রী প্রথম সেমিস্টারের ধাত্রীবিদ্যা বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তাঁকে পরে ওই পরীক্ষাটায় কৃতকার্য হতে বলা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, বিষয়টি তাঁর জানা নেই।