চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আজ সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তদের হামলায় মোহাম্মদ আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত ব্য​ক্তিরা হলেন: মো. শাহাবুদ্দীন (৭৫), তাঁর স্ত্রী মালেকা খাতুন (৫৮) এবং আবদুল মোমিন (৩৮)।
স্থানীয় সূত্র জানায়, নিহত মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি উপজেলার গঙ্গাদাসপুরে। সেখানে তাঁর একটি মুদি দোকান আছে। আজ সন্ধ্যা সাতটার দিকে তিনি মুদি দোকানে বসেছিলেন। দোকানের সামনের বেঞ্চে বসে কয়েকজন গ্রামবাসী কথাবার্তা বলছিলেন। এ সময় অতর্কিতভাবে ৩০ থেকে ৩৫ জন যুবক দোকান লক্ষ্য করে সাতটি বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর মোহাম্মদ আলীর পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কয়েকজন যুবক। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। আর বোমা হামলায় আহত হন দোকানের আশপাশে থাকা শাহাবুদ্দিন, মালেকা ও মোমিন। তাঁদের প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। মোহাম্মদ আলীর মরদেহ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিমঘরে রাখা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।