চুয়াডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা শহরের সরকারি আদর্শ মহিলা কলেজ পাড়ায় দুর্বৃত্তের হামলায় আহত মুদি ব্যবসায়ী গোলাম হোসেনের (৪২) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ দিন চিকিৎসার পর সোমবার দিবাগত রাতে তিনি মারা যান। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর লাশ বুজরুকগড়গড়ি কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে গোলাম হোসেনের খুনের প্রতিবাদে কেদারগঞ্জ এলাকার ব্যবসায়ীরা গতকাল মঙ্গলবার দিনভর ধর্মঘট পালন করেছেন। কেদারগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি আসলাম হোসেনসহ নেতারা মুদি ব্যবসায়ী গোলাম হোসেনের খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

গোলাম হোসেনের ভাই হায়দার আলী জানান, ১৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে কেদারগঞ্জ বাজার পৌর মার্কেট থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন গোলাম হোসেন। সরকারি আদর্শ মহিলা কলেজ পাড়ায় বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গোলাম হোসেনের চিৎকারে স্ত্রী কোহিনুর বেগম (৩৫) বাড়ি থেকে বের হয়ে এলে দুর্বৃত্তরা তাঁকেও কুপিয়ে আহত করে। রক্তাক্ত জখম দুজনকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে গোলাম হোসেনকে মুমূর্ষু অবস্থায় ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১২ দিন সেখানে চিকিৎসা চলার পর সোমবার রাতে সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।