চুয়াডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় যুবলীগ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে দুর্বৃত্তদের বোমা, গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আজিজুল ইসলাম নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে বুদো মণ্ডল নামে আওয়ামী লীগের এক কর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ওই হামলার ঘটনা ঘটে।
ওই ঘটনার পর থেকে চুয়াডাঙ্গা শহর ও আশপাশের এলাকার দোকানপাট বন্ধ হয়ে গেছে। এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
নিহত আজিজুল (৩৫) সদর উপজেলার মানিকডিহি গ্রামের আবুল হোসেনের ছেলে এবং আহত বুদো মণ্ডল (৫০) ডিঙ্গেদহ বাজার
এলাকার মৃত রমজান আলীর ছেলে। ঘটনার পর পুলিশ নিহত যুবলীগ কর্মীর লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হিমঘরে রেখেছে এবং আওয়ামী লীগের আহত কর্মীকে তাঁর স্বজনেরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রেখেছেন।
আহত বুদো মণ্ডল জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছেলে নুরনবীকে সঙ্গে নিয়ে তিনি ডিঙ্গেদহ বাজারে রশিদের চায়ের দোকানে বসেছিলেন। আজিজুল পাশের একটি সেলুনে ছিলেন। ওই সময় কয়েকজন যুবক কোনো কথা ছাড়াই তাঁকে (বুদো) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী যুবলীগের কর্মী সেলিম হোসেন বলেন, কয়েকজন যুবক একটি সাদা রঙের প্রাইভেট কার ও লাল রঙের পালসার মোটরসাইকেল নিয়ে ডিঙ্গেদহ বাজারে যায়। তারা বুদো মণ্ডলকে কোপানোর পর আজিজুলকে সেলুন থেকে ধরে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর উপর্যুপরি কুপিয়ে এবং গুলি ও বোমা মেরে তাঁকে হত্যা করে।
নিহত ব্যক্তির ভাগনে মিলন হোসেন দাবি করেন, দুর্বৃত্তরা তিনটি গুলি ছোড়ে এবং তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বোমা ও গুলির অভিযোগ শোনা গেলেও তা সঠিক নয়। ধারালো অস্ত্রের আঘাতেই হতাহত হয়েছে।