চুয়াডাঙ্গায় নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপীনাথপুর থেকে নিখোঁজ ভ্যানচালক রাশিদুল হকের (৩০) লাশ আজ বুধবার উদ্ধার করা হয়েছে। সদর থানা-পুলিশ ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহাবুল হোসেন (২৮) ও রাহুল হোসেন (৩০) নামের দুজনকে আটক করেছে।

পুলিশ জানায়, গোপীনাথপুর গ্রামের রাশিদুলকে দুর্বৃত্তরা গত সোমবার রাত আটটার দিকে মুঠোফোনে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিষয়টি জানিয়ে রাশিদুলের বড় ভাই গতকাল মঙ্গলবার বিকেলে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, জেলার আলমডাঙ্গা উপজেলার বলিয়ারপুর গ্রামের শাহাবুল হোসেন ও সোনাতনপুর গ্রামের রাহুল হোসেন গতকাল সন্ধ্যায় সদর উপজেলার বদরগঞ্জ বাজারে একটি ভ্যান বিক্রি করতে যান। তাঁদের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় বাজারের লোকজন ওই দুজনকে আটকে রেখে পুলিশে খবর দেন। সেই সঙ্গে ভ্যানের গায়ে লেখা মুঠোফোন নম্বরে যোগাযোগ করে জানতে পারেন যে ভ্যানের মালিক গোপীনাথপুরের রাশিদুল এবং তিনি সোমবার থেকে নিখোঁজ রয়েছেন।

পুলিশের ভাষ্য, দুজনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা রাশিদুলকে খুনের কথা স্বীকার করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে শাহাবুল জানান, চার মাস আগে রাশিদুলের কাছ থেকে তিনি ১০ হাজার টাকা ধার নেন। টাকা পরিশোধ না করায় রাশিদুল কয়েক দিন আগে তাঁকে গালি দেন। ওই সময় তাঁকে খুনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সোমবার রাত আটটার দিকে রাশিদুলকে কৌশলে সরিষাডাঙ্গা জিকে খালের পাশে ডেকে নেওয়া হয়। পরে রাহুলকে সঙ্গে নিয়ে রাশিদুলকে শ্বাসরোধ করে হত্যার পর খালের পাশেই পুঁতে রাখা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের খালের পাশে পুঁতে রাখা লাশ উদ্ধার করা হয়েছে। রাশিদুলের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আসামিদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।