চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে পরিবহনশ্রমিক খুন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ার নিজ বাড়ি থেকে গত শনিবার রাতে রাসেল হক ওরফে রাজা (৩৫) নামের এক পরিবহনশ্রমিকের লাশ উদ্ধার হয়েছে। লাশের গলা, বাঁ হাত ও পিঠে জখমের চিহ্ন রয়েছে।
স্বজনদের দাবি, স্ত্রী জেসমিন খাতুন ও তাঁর পরিবারের লোকজন রাসেলকে খুন করেছেন। পুলিশও বলছে, ঘটনাটি খুন বলেই তাদের কাছে মনে হয়েছে।
পুলিশ রাসেলের স্ত্রী জেসমিন, শাশুড়ি জবেদা বেগম ও জেসমিনের বড় বোন নাসরিন বেগমকে সন্দেহভাজন হিসেবে গতকাল রোববার সকালে আটক করেছে। এদিকে রাসেলের খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
নিহত রাসেল হক সাদেক আলী মল্লিকপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি একজন পরিবহনশ্রমিক ছিলেন। পাশাপাশি সম্প্রতি দুটি ইজিবাইক কিনে ব্যবসা শুরু করেন।
নিহতের বড় ভাই রাশেদ হক বলেন, রাসেল স্ত্রী-সন্তানকে নিয়ে দোতলায় এবং তিনি (রাশেদ) একই বাড়ির নিচতলায় সপরিবারে বসবাস করেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে রাসেলের সংসার ভালোই চলছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে স্ত্রী জেসমিন বড় বোন নাসরিনের দেবর বাবু হোসেনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে রাসেল সম্প্রতি গোপনে জেসমিন ও বাবুর কথোপকথন মুঠোফোনে ধারণ করেন। কয়েক দিন আগে তিনি এ নিয়ে জেসমিনকে বকাঝকাও করেন।
এদিকে জেসমিন, নাসরিন ও তাঁদের মা জবেদা বেগম গত শনিবার চিকিৎসার জন্য কুষ্টিয়ায় যান। বিকেলে বাড়িতে ফেরেন তাঁরা। সন্ধ্যারাতে তাঁরা প্রচার করেন, রাসেল আত্মহত্যা করেছেন। আশপাশের লোকজন ঘরে গিয়ে দেখতে পায়, রাসেলের লাশ বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলছে। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক আউলিয়ার রহমান।
এ হাসপাতালে গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে লাশ দাফন করা হয়। হাসপাতালের একটি সূত্র জানায়, নিহত রাসেলের গলায় এবং বাঁ হাত ও পিঠে জখমের চিহ্ন রয়েছে। তাঁকে নির্যাতন ও শ্বাসরোধ করে খুন করা হতে পারে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম আলোকে বলেন, বিষয়টি প্রথমে আত্মহত্যা বলে ধারণা করছিলেন তাঁরা। কিন্তু এখন খুন হিসেবে সন্দেহ করা হচ্ছে। এতে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী, শাশুড়ি ও স্ত্রীর বড় বোনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া ঘটনার মূল সন্দেহভাজন নাসরিনের দেবর বাবু হোসেনকে খুঁজছে পুলিশ।