চুয়াডাঙ্গায় নির্বাচনোত্তর সংঘর্ষে আহত ১২
চুয়াডাঙ্গা পৌর এলাকার নির্বাচিত ও পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনোত্তর এক সংঘর্ষে পাঁচ নারীসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ৭ নম্বর ওয়ার্ডের এতিমখানা পাড়ায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের আটজন নির্বাচিত কাউন্সিলর আবুল হোসেনের সমর্থক এবং চারজন নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রাজ্জাকের সমর্থক।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি ফজলুর রহমান, রাজা হোসেন, রাজু আহমেদ, রোজী খাতুন, সাহেদা খাতুন, সুরুজ আলী, আলতাফ হোসেন ও মনোয়ারা বেগম আবুল হোসেনের সমর্থক এবং আহসান আলী, কমেলা খাতুন, টুটুল হোসেন ও খলিলুর রহমান আবদুর রাজ্জাকের সমর্থক।
আহত ফজলুর রহমান বলেন, ভোটের আগেই আবদুর রাজ্জাকের লোকজন হুমকি দিয়েছিল যে তাঁরা ভোটে পরাজিত হলে দেখে নেবে। পূর্বপরিকল্পিতভাবেই শুক্রবার বিকেলে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। অপর দিকে কমেলা খাতুন বলেন, আবুল হোসেনের সমর্থকেরাই আগে তাঁদের ওপর সশস্ত্র অবস্থায় আক্রমণ করেছেন।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাহের ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।