চুয়াডাঙ্গায় পাল্টাপাল্টি মামলা, ভাঙচুর
চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুজন আহত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি মামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত রোববার শহরের কোর্ট মোড় ও মালোপাড়ায় এসব ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন যুবলীগের কর্মী মিজু আহমেদ (২৮) ও জেলা ছাত্রলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক শিমু চৌধুরী (২৫)। শিমু জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিপু চৌধুরীর ছোট ভাই।
এসব ঘটনায় সদর থানায় রোববার রাতেই পৃথক দুটি মামলা হয়। আহত মিজু আহমেদ বাদী হয়ে ছাত্রলীগ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জিপু চৌধুরী ও তাঁর ভাই শিমু চৌধুরীসহ কয়েকজনের নামে ও যুবলীগ কর্মী সাগর এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে মামলা করেন।
অন্যদিকে আহত শিমু চৌধুরীর পক্ষে তাঁর ভাতিজা আবদুল হালিম বাদী হয়ে পাল্টা মামলা করেন। এ মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেনুল হক জোয়ার্দার, ছাত্রলীগের নেতা আশিক ইকবালসহ পাঁচজন এবং যুবলীগের নেতা আলমগীর আজম ও তপনকে আসামি করা হয়েছে। এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেনের অনুসারীরা জিপু চৌধুরীর পক্ষে এবং সাধারণ সম্পাদক মোহাইমেনুল হকের অনুসারীরা যুবলীগের পক্ষে অবস্থান নিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাত আটটার দিকে শিমু চৌধুরী বাড়ি ফেরার পথে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। স্থানীয় লোকজন শিমুকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন। এর আগে দুপুরে শহরের কোর্ট মোড়ে দুর্বৃত্তের হামলায় যুবলীগের কর্মী মিজু আহমেদ আহত হন।
হামলার প্রতিবাদে জিপু চৌধুরীর অনুসারীরা রাত নয়টার দিকে হাসপাতালের গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন। একই সময়ে জেলা যুবলীগের আহ্বায়ক আরেফীন আলমের নেতৃত্বে পাল্টা মিছিল বের হয়। মিছিল শেষে ছাত্রলীগ কেদারগঞ্জে এবং যুবলীগ কবরী রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। ঘটনার রাতেই যুবলীগের নেতা আলমগীর আজমের বাড়িঘর এবং আলী হোসেন মার্কেটের সামনে থাকা অন্তত পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর আজম অভিযোগ করেন, জিপু চৌধুরীর অনুসারীরা মিজুকে কুপিয়ে জখম ও বাড়িঘর ভাঙচুর করেছে।
অন্যদিকে জিপু চৌধুরীর অভিযোগ, আলমগীর আজমের নির্দেশে তাঁর অনুসারীরা শিমু চৌধুরীকে কুপিয়ে জখম করেছে।
এদিকে গতকাল সোমবার বিকেলে শহীদ হাসান চত্বরে যুবলীগের ব্যানারে ও কেদারগঞ্জে ছাত্রলীগের ব্যানারে প্রতিবাদ সমাবেশ হয়েছে।