চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় পৃথক দুটি ঘটনায় অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকসহ দুজন খুন হয়েছেন। তাঁরা হলেন চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবু বকর সিদ্দিক (৮০) ও হক পাড়ার বাসিন্দা ভাঙারি ব্যবসায়ী আব্দুল হান্নান (৩২)।
এঁদের মধ্যে আবু বকর সিদ্দিককে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গলাকাটা অবস্থায় পাওয়া যায়। গত সোমবার রাতে দুর্বৃত্তের হামলায় আহত আব্দুল হান্নানকে মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। খুনের পেছনের কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে অনুসন্ধান চলছে।
নিহত আবু বকরের স্ত্রী হালিমা খাতুনের ভাষ্য, গতকাল রাতে পাশের কক্ষে স্বামীর গলাকাটা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। এরপর ছেলে, ছেলের বউ ও পুত্রবধূকে ডাকেন। মুমূর্ষু অবস্থায় তাঁরা আবু বকরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সা কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই আবু বকর মারা যান।
নিহত ব্যক্তির ছেলে হাবিবুল্লাহ বাদল ও মেয়ে আয়েশা খাতুন দাবি করেন, বয়সজনিত কারণে বাবা আবু বকর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তাঁদের ধারণা, এটা আত্মহত্যা।
সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ওয়ালিউর রহমান জানান, গলাকাটার ধরন ও গভীর ক্ষত দেখে বোঝা যাচ্ছে—কারও পক্ষে নিজের গলা এভাবে কাটা সম্ভব নয়। মেডিকেল বোর্ড গঠনের পর প্রকৃত বিষয় জানা যাবে।
আবু বকর চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে ২০০০ সালে অবসর গ্রহণ করেন। এর পর থেকে তিনি হোমিওপ্যাথি চিকিত্সক হিসেবে নিয়োজিত ছিলেন।
অপরদিকে চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার মৃত আকছেদ আলীর ছেলে ভাঙারি ব্যবসায়ী আব্দুল হান্নানকে সোমবার রাতে দুর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আরামপাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক এলাকায় পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হলে মঙ্গলবার তাঁকে চুয়াডাঙ্গা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুষ্টিয়ার মিরপুরে তিনি মারা যান।
নিহত ব্যক্তির মামা হাসান আলীর দাবি, এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্র পরিকল্পিতভাবে হান্নানকে খুন করেছে।