চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী শিশু খুন, বাবার মামলা, মা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের চিৎলা গ্রামে আল আমিন (১২) নামে প্রতিবন্ধী এক শিশুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা আজিবর রহমান গতকাল বিকেলে স্ত্রী হাসিনা খাতুনের নামে দামুড়হুদা মডেল থানায় হত্যা মামলা করেছেন। এরপর মা হাসিনা খাতুনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজিবর রহমান আম বিক্রি করতে দুই দিন আগে ঢাকায় গেছেন। স্বামীর অনুপস্থিতিতে হাসিনা খাতুন তাঁর তিন সন্তান আল আমিন, শিলন হোসেন (৬) ও চান্দুকে (৪) বৃহস্পতিবার দিবাগত রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১১টার দিকে শিশু আল আমিনকে ঘুমিয়ে থাকা অবস্থায় মাথায় কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনা ঘটে।

খবর পেয়ে রাতেই দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কলিমুল্লাহ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খানসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে ঢাকা থেকে দামুড়হুদায় ছুটে আসেন শিশুটির বাবা আজিবর রহমান। ঘটনার বিস্তারিত জেনে তিনি স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এর আগে হাসিনা খাতুনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁর বক্তব্য অনুযায়ী চিৎলা গ্রামের পশ্চিম পাড়ার জহুরুল ইসলাম (৩৫) ও ইব্রাহিম হোসেনকে (৪০) আটক করা হয়। পরে থানায় তিনজনকে আলাদাভাবে ও মুখোমুখি করে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসাবাদে হাসিনা ছেলেকে খুনের কথা স্বীকার করেন। কারণ হিসেবে তিনি পুলিশকে বলেন, ‘ছেলেটি বুদ্ধিপ্রতিবন্ধী হলেও বরাবরই ছিল মায়ের কথার অবাধ্য। তাই রাগে ছেলেকে খুন করেছেন। সেই সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের কারণে, জহুরুল ও ইব্রাহিমকে জড়িয়ে পুলিশের কাছে তথ্য দেন।’