চুয়াডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা পৌর এলাকায় গত শনিবার রাতে এক প্রবাসীর বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। এ ঘটনার পর একজন কাউন্সিলরের নেতৃত্বে সন্দেহভাজনদের ওপর পাল্টা হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে গতকাল রোববার দুপুরে দেখা যায়, পৌর এলাকার তালতলা গ্রামের কুঠিরপাড়ায় প্রবাসী মুকুল হোসেনের টিনের বাড়ি কুপিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। টিন কেটে আলগা করা হয়েছে। মুকুল হোসেনের স্ত্রী প্রিয়া খাতুন ও বাড়ির অন্য বাসিন্দারা বলেন, শনিবার রাত আটটার দিকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। হামলাকারীরা টিনের ছাউনি ও বেড়া দেওয়া দুই কক্ষের ঘরটি কেটে ও ভেঙে তছনছ করে। এ সময় ঘরে থাকা মালামাল ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। হামলার সময় পরিবারের সদস্যরা প্রাণভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ও র্যা বের সহায়তায় তারা বাড়িতে ফেরে।
প্রিয়া খাতুন অভিযোগ করেন, তাঁদের গ্রামেরই কয়েকজন লোক এ ঘটনা ঘটিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, প্রবাসীর বাড়িতে এই হামলার খবর পেয়ে এলাকার কাউন্সিলর রাশেদুল হাসান তালতলা গ্রামে যান এবং বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেন। কিন্তু এ সময় কয়েকজন তরুণ তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে কাউন্সিলর ক্ষিপ্ত হয়ে গ্রামে ফিরে যান। এরপর তিনি লোকজনদের নিয়ে গ্রামে এসে এলোপাতাড়ি মারধর করেন। এতে অন্তত ১৫ জন আহত হয়।
তবে তালতলা গ্রামের কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রিয়ার বাড়ির পেছনে মাঠে কয়েকজন কিশোর গত শনিবার বিকেলে ফুটবল খেলছিল। ফুটবলের আঘাতে একটি বৈদ্যুতিক মিটার ভেঙে যায়। ওই ঘটনায় প্রিয়া তাদের গালাগালি করেন। এ সময় কিশোর ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর ঝগড়া হয়। রাতে কাউন্সিলর রাশেদুল হাসান সমস্যা সমাধানের নামে প্রবাসীর স্ত্রীর পক্ষ নিয়ে গ্রামবাসীর সঙ্গে খারাপ ব্যবহার করেন ও তাঁদের ওপর হামলা চালান। পরে নিজেদের দোষ ঢাকতে প্রিয়ার বাসায় হামলার নাটক সাজানো হয়েছে।
কাউন্সিলর রাশেদুল হাসান মুঠোফোনে বলেন, তিনি প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা জেনে গ্রামে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। এ ঘটনা জেনে তাঁর সমর্থকেরা হয়তো এর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু তিনি কাউকে সঙ্গে নিয়ে আবার গ্রামে যাননি।
জেলা পুলিশ সুপার মো. রশীদুল হাসান বলেন, ঘটনার খবর পেয়েই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সন্ধ্যা সাতটা পর্যন্ত কেউ মামলা করেননি।