চুয়াডাঙ্গায় বসতবাড়ির জমির সীমানা নিয়ে বিরোধে একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বসতবাড়ির জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে হামলার এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের মাঝপাড়ার শুকুর আলীর ছেলে। দর্শনা থানার পুলিশ গতকাল রাতে শফিকুলের লাশ উদ্ধার করে থানায় নেয় এবং ময়নাতদন্তের জন্য আজ শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শফিকুল হত্যার ঘটনায় তাঁর ছেলে আসাদুজ্জামান বাদী হয়ে গতকাল রাতেই দর্শনা থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় আবুল কালামসহ সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও দুজনকে আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় এজাহারভুক্ত একজন আসামি তাজেরা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে।

দর্শনা থানার পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা বলেন, বসতবাড়ির জমির সীমানা নিয়ে শফিকুল ইসলাম ও প্রতিবেশী ছামেদ আলীর ঘরজামাই আবুল কালামের সঙ্গে বেশ কয়েক মাস ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তিতে উভয় পক্ষ সার্ভেয়ার দিয়ে জমির মাপ করিয়ে নেয়। এতে আবুল কালামের দখলে শফিকুলের জমি পাওয়া যায়।

দখলকৃত জমি ছেড়ে দেওয়ার জন্য কথা বললে আবুল কালাম পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে গতকাল সন্ধ্যায় শফিকুলকে লাঠিপেটা করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে দর্শনা থানার পুলিশ রাত সাড়ে আটটার দিকে শফিকুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহবুবুর রহমান বলেন, শফিকুলের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।