
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুরে বাউলদের একটি আখড়ায় গত শুক্রবার রাতে আগুন দিয়ে দুটি ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তারা দুই বাউলকে মারধর করে চুল কেটে দেয়।
এর আগে ১৬ জুলাই রাতে জীবননগর উপজেলার একতারপুরে বাউল আখড়ায় হামলা চালিয়ে তিন বাউলকে কুপিয়ে জখম করা হয়।
গতকাল শনিবার সকাল নয়টায় সরেজমিনে দেখা যায়, আখড়ার তিনটি ঘরের মধ্যে দুটি ঘর আগুনে পুড়ে গেছে। ধ্বংসস্তূপ থেকে তখনো ধোঁয়া উঠছে। গোবিন্দপুর ও আশপাশের গ্রাম থেকে বাউল অনুসারীসহ প্রতিবেশীরা এসে ক্ষতিগ্রস্ত বাউলদের সান্ত্বনা দিচ্ছেন।
আখড়ার জমির মালিক জুলমত শাহ (৬৫) জানান, ছয় বছর আগে তিনি গোবিন্দপুর গ্রামে তিন বিঘা জমির ওপর আখড়াটি তৈরি করেন। তাঁর গুরু চুয়াডাঙ্গার দরবেশ হোসেন আলী শাহ। প্রতিবছর বৈশাখ, আষাঢ় ও ফাল্গুন মাসে সেখানে ওরস অনুষ্ঠিত হয়। তখন দেশ-বিদেশ থেকে শত শত বাউল তরিকাপন্থী সেখানে আসেন এবং সেখানেই তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। জুলমত বলেন, শুক্রবার রাতে তিনি, তাঁর স্ত্রী মোমেনা খাতুন, আট বছর বয়সী নাতি, ছেলে রাকিব হোসেন ও গুরুভাই প্রতাপপুরের রিনুপদ হালদার আখড়ায় ছিলেন। রাত ১২টার দিকে আট-নয়জন দুর্বৃত্ত সেখানে ঢুকে তাঁকে ধরে বাগানে নিয়ে গাছের সঙ্গে বাঁধে। এরপর গামছা দিয়ে হাত-পা ও চোখ বেঁধে মাথার লম্বা চুল কেটে দেয়। পরে তারা দুটি ঘরে আগুন ধরিয়ে দিয়ে অন্য ঘরের আসবাব ও বাদ্যযন্ত্র আগুনে ফেলে দেয়।
রিনুপদ হালদার বলেন, জুলমতের পর তাঁকেও একই কায়দায় আরেকটি গাছের সঙ্গে বেঁধে রেখে চুল কেটে দেয় দুর্বৃত্তরা। আর মোমেনা খাতুনকে ঘরেই হাত, পা ও চোখ বেঁধে ফেলে রাখা হয়।
নির্যাতনের শিকার বাউলেরা বলেন, দুর্বৃত্তরা তাঁদের দুজনের গলায় ছুরি ধরে জবাই করে হত্যার হুমকি দেয়।
দামুড়হুদা মডেল থানার ওসি বলেন, ক্ষতিগ্রস্ত বাউলদের থানায় অভিযোগ করতে বলা হয়েছে। দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।