চুয়াডাঙ্গায় ভুট্টাখেতে অপহৃত ব্যবসায়ীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আমিনুল ইসলাম বিশ্বাস নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অপহরণের এক সপ্তাহ পর উপজেলার আইলহাস গ্রামের একটি ভুট্টাখেত থেকে গতকাল সোমবার তাঁর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ব্যবসায়ী আমিনুল ইসলাম (৬০) উপজেলার আইলহাস গ্রামের পূর্ব পাড়ার মৃত মকবুল হোসেন বিশ্বাসের ছেলে। তিনি কাঠের ব্যবসা করতেন। পুলিশ বলছে, পরকীয়ার জের ধরে তাঁকে অপহরণ ও খুন করা হয়ে থাকতে পারে।

অপহরণের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি পার্শ্ববর্তী রায়লক্ষ্মীপুর গ্রামের জহুরুল ইসলাম (৫০) ছাড়াও এ ঘটনায় গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন আভা রানী (৫০), তাঁর দুই ছেলে সুজন কুমার (২৭) ও সঞ্জয় কুমার (২৫)। আর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আভা রানীর ননদ তুলসী রানীকে (৪৭)।

গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভুট্টাখেতে পড়ে থাকা ব্যবসায়ী আমিনুলের লাশ ঘিরে স্বজন ও উৎসুক মানুষের ভিড়। রয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা। আমিনুলের ভাগনে আরিফ হোসেন বলেন, অপহরণের পর থেকে গত এক সপ্তাহে অনেক খোঁজাখুঁজি করা হয় আমিনুলকে। পরে গতকাল সকালে গ্রামের ভুট্টাখেত থেকে দুর্গন্ধ ভেসে এলে সেখানে গিয়ে তাঁর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায়।

আমিনুলের মেয়ে ফাতেমা খাতুন জানান, ১৩ ডিসেম্বর সকালে পার্শ্ববর্তী পারলক্ষ্মীপুর গ্রামের মহিদুল ইসলামের আলমসাধু (ভটভটি) রিজার্ভ করে ঝিনাইদহ শহরে কাঠ বিক্রি করতে যান তাঁর বাবা। কাঠ বিক্রি শেষে একই আলমসাধুতে করে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। চালক মহিদুলের বরাত দিয়ে তিনি আরও বলেন, আইলহাস গ্রামে ঢোকার আগে বেশ কয়েকবার বাবার ফোনে কল এলে রায়লক্ষ্মীপুর গ্রামের তহশিল কার্যালয়ের কাছে নেমে পড়েন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ। ফাতেমা জানান, বাবার খোঁজ না পাওয়ায় আলমডাঙ্গা থানায় ১৫ ডিসেম্বর একটি জিডি ও ১৮ ডিসেম্বর অপহরণ মামলা করেন তাঁরা।

আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য ব্যবসায়ীর লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী পরকীয়া প্রেমের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাঁরা অনেকটা নিশ্চিত হয়েছেন।