চুয়াডাঙ্গায় ভ্যানচালক খুন, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাশিদুল হক (৩০) নামের এক ভ্যানচালক খুন হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার সরিষাডাঙ্গা গ্রাম থেকে মাটি খুঁড়ে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের শাহাবুল ইসলাম ও জেহালা ইউনিয়নের সোনাতনপুর গ্রামের রাহুল হোসেন।
পুলিশ জানায়, রাশিদুল গত সোমবার রাত আটটার দিকে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা মঙ্গলবার বিকেলে সদর থানা-পুলিশকে বিষয়টি জানায়।
এদিকে শাহাবুল ও রাহুল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বদরগঞ্জ বাজারে একটি ভ্যান বিক্রি করতে যান। কথাবার্তা সন্দেহজনক হওয়ায় বাজারের লোকজন তাঁদের আটকে রেখে পুলিশে খবর দেয়। ভ্যানের গায়ে লেখা মুঠোফোন নম্বরে যোগাযোগ করে জানা যায়, এর মালিক রাশিদুল। পুলিশের জিজ্ঞাসাবাদে শাহাবুল স্বীকার করেন, চার মাস আগে রাশিদুলের কাছ থেকে তিনি ১০ হাজার টাকা ধার নেন। টাকা পরিশোধ না করায় রাশিদুল কয়েক দিন আগে তাঁকে গালি দেন। এর প্রতিশোধ নিতে রাশিদুলকে কৌশলে সরিষাডাঙ্গায় গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খালের পাশে নিয়ে খুন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাহুল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, শাহাবুল ও রাহুলের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার রাত দুইটার দিকে আলমডাঙ্গায় খালের পাশে মাটি খুঁড়ে রাশিদুলের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক দুই ব্যক্তিকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
আলমডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম গতকাল বুধবার সন্ধ্যায় বলেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।