চুয়াডাঙ্গায় ভ্রমণকর পরিশোধের ভুয়া রসিদ উদ্ধার
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতগামী বাংলাদেশি পাসপোর্টধারী ২৯ যাত্রীর কাছ থেকে ভ্রমণ কর পরিশোধের ভুয়া রসিদ উদ্ধার করেছে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগের কর্মকর্তারা। ভুয়া রসিদ চক্রের অন্যতম হোতা মধু মুন্সীকে (৪০) এ সময় আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ইমিগ্রেশন ও কাস্টম বিভাগের কর্মকর্তারা ভুয়া রসিদের বিষয়টি নিশ্চিত হন।
যাত্রীদের দেওয়া তথ্য যাচাই করে স্থানীয়ভাবে ভ্রমণকর পরিশোধের পর রাতে ভারতে যাওয়ার ব্যবস্থা করা হয়। মধু মুন্সী পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের সৈয়দ আলী মুন্সীর ছেলে।
দর্শনা জয়নগর চেকপোস্ট ইমিগ্রেশন, কাস্টম বিভাগ ও বিজিবি সূত্রে জানা গেছে, প্রতিদিন ওই চেকপোস্ট দিয়ে সহস্রাধিক যাত্রী সড়কপথে বাংলাদেশ-ভারতের মধ্যে যাতায়াত করেন। কিছুদিন ধরে ভুয়া ভ্রমণ কর রসিদ ছাপিয়ে একটি চক্র ভারতগামী যাত্রীদের সঙ্গে প্রতারণা করছিল। এ জন্য ইমিগ্রেশন, কাস্টম বিভাগ ও বিজিবি সতর্ক ছিল। সতর্কতার কারণে গতকাল ২৯টি ভুয়া রসিদ শনাক্ত করা হয়। এ ঘটনায় কাস্টমস সদস্য খায়রুল বাশার বাদী হয়ে মধু মুন্সীসহ দুজনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় গতকাল রাত ১১টায় প্রতারণা আইনে একটি মামলা করেন।
ভুক্তভোগী ব্যক্তিদের বাড়ি পাবনা জেলার বিভিন্ন গ্রামে। যাত্রীরা জানান, ভারতের বিহার প্রদেশের একটি ওরসে যোগ দিতে যাচ্ছেন তাঁরা। ২৫ মার্চ পূর্বপরিচিত মধু মুন্সীর মাধ্যমে ৫০০ টাকা করে মোট ৭৫ হাজার টাকা ফিস জমা দিয়ে ১৫০ জনের ভ্রমণ কর পরিশোধের রসিদ সংগ্রহ করা হয়।
মধু মুন্সী নিজেকে নির্দোষ দাবি করে জানান, জনতা ব্যাংক লিমিটেড রাজশাহী করপোরেট শাখার কর্মচারী মো. সোহেলের মাধ্যমে তিনি ৫০০ টাকা মূল্যের ভ্রমণকর ৪৪০ টাকা করে সংগ্রহ করেছেন।
দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন বিভাগের উপপরিদর্শক (এসআই) এস এম আবদুল আলীম জানান, বিশেষ সতর্কতার কারণে ভুয়া ভ্রমণ কর রসিদ শনাক্ত সম্ভব হয়েছে। ২৯ জন যাত্রীর মধ্যে ২৮ জন নির্দোষ হওয়ায় স্থানীয়ভাবে কর পরিশোধ করার পর রাতেই ভারতে পাঠানো হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, এ ঘটনায় মধু মুন্সী ও জনতা ব্যাংক লিমিটেড রাজশাহী করপোরেট শাখার কর্মচারী মো. সোহেলের নাম উল্লেখ করে অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনি বলেন, চক্রের বাকি সদস্যদের ধরতে মধু মুন্সীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।