চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা শহরে ভুলু সরদার (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সময় আকাশ হোসেন (২২) নামের আরও এক যুবক আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে শহরের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আকাশকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ভুলু চুয়াডাঙ্গা পৌর এলাকার সরদার পাড়ার খবির সরদারের ছেলে। আহত আকাশ একই এলাকার বাবলু হোসেনের ছেলে। হতাহতরা মাছের ব্যবসার পাশাপাশি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভুলু সরদার ও আকাশ হোসেন শহরের বড় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তাঁরা মাস্টারপাড়ায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভুলুকে মৃত ঘোষণা করেন।
জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী দাবি করেন, গত পৌর নির্বাচনে ভুলু ও আকাশ তাঁর পক্ষে কাজ করেছিলেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, বিবদমান দুটি পক্ষের পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। আহত আকাশের কাছ থেকে হামলাকারীদের নাম পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।